

AusBangla News Desk: সিডনির পশ্চিমাঞ্চলের অবার্নে একটি আবর্জনার বিন থেকে নবজাতক পুত্রশিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, সকাল প্রায় ১১টা ২০ মিনিটে হ্যারো রোডের একটি ঠিকানায় জরুরি সেবাকর্মীদের ডাকা হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বিনের ভেতর নবজাতক শিশুটির মরদেহ শনাক্ত করে। এরপর এলাকাটি ঘিরে অপরাধস্থল ঘোষণা করা হয়।
শিশুটির মৃত্যুর কারণ ও কী পরিস্থিতিতে তার মরদেহ সেখানে ফেলে রাখা হয়েছিল, তা জানতে অবার্ন পুলিশ এরিয়া কমান্ডের গোয়েন্দারা তদন্ত শুরু করেছেন। এখন পর্যন্ত কাউকে অভিযুক্ত করা হয়নি।
এদিকে শিশুটির মায়ের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে পুলিশ। তাঁকে অবিলম্বে নিকটবর্তী হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রে গিয়ে জরুরি চিকিৎসাসেবা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
ঘটনাস্থলের আশপাশে থাকা প্রত্যক্ষদর্শী অথবা মোবাইল ফোন, সিসিটিভি কিংবা ড্যাশক্যাম ফুটেজ রয়েছে—এমন ব্যক্তিদের অবার্ন পুলিশ বা ক্রাইম স্টপার্সের ১৮০০ ৩৩৩ ০০০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
ঘটনাটির তদন্ত চলমান থাকায় পুলিশ জনগণকে অনুমাননির্ভর তথ্য ও শিশুটির মায়ের পরিচয় সম্পর্কে যাচাইহীন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছে।














































আপনার মতামত লিখুন :