

মাদক তৈরি ও পাচারের বহুল আলোচিত মামলায় মিসরের সাবেক টেলিভিশন উপস্থাপক ও প্রযোজক সারা খলিফাসহ মোট ১২ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছেন কায়রোর একটি আদালত।
কায়রো ফৌজদারি আদালত ৫ সেপ্টেম্বর এ রায় ঘোষণা করেন। দেশটির সংবাদমাধ্যমে মামলাটি ‘বড় মাদক মামলা’ নামে পরিচিত। দণ্ডিতদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধী চক্র গঠন, বিদেশ থেকে কৃত্রিম মাদক তৈরির কাঁচামাল আনা, মাদক উৎপাদন ও বিক্রি এবং লাইসেন্সবিহীন অস্ত্র ও গোলাবারুদ রাখার অভিযোগ প্রমাণিত হয়েছে।
তদন্তকারীদের দাবি, চক্রটি একটি আবাসিক ভবনকে মাদক তৈরির গোপন কারখানা ও গুদাম হিসেবে ব্যবহার করত। অভিযান চালিয়ে ৭৫০ কিলোগ্রামের বেশি কৃত্রিম মাদক ও মাদক তৈরির কাঁচামাল জব্দ করা হয়। মামলার নথিতে ২০ জন সাক্ষীর বক্তব্যের পাশাপাশি কথোপকথন, ছবি ও ভিডিওসহ ডিজিটাল প্রমাণ উপস্থাপন করা হয়েছে।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, সারা খলিফা চক্রটির কর্মকাণ্ডে অর্থায়ন করেন এবং কাঁচামাল কেনা ও মিসরে প্রবেশ করানোর বিষয়ে অন্য অভিযুক্তদের সঙ্গে সমন্বয় করেন।
মোট ২৮ জন অভিযুক্তের মধ্যে সারা খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড, নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সাতজনকে খালাস দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড ঘোষণার আগে মিসরের আইনি প্রক্রিয়া অনুসারে গ্র্যান্ড মুফতির মতামত নেওয়া হয়। তবে মুফতির মতামত আদালতের জন্য বাধ্যতামূলক নয়। সারা খলিফা অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন।












































আপনার মতামত লিখুন :