অস্ট্রেলিয়ায় স্বাস্থ্যঝুঁকিপূর্ণ বাড়িতে বাস করছে প্রায় ২৫ লাখ পরিবার


নিউজ ডেক্স প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৬, ৬:৫২ পূর্বাহ্ন
অস্ট্রেলিয়ায় স্বাস্থ্যঝুঁকিপূর্ণ বাড়িতে বাস করছে প্রায় ২৫ লাখ পরিবার

অস্ট্রেলিয়ায় আনুমানিক ২৫ লাখ পরিবার এমন বাড়িতে বাস করছে, যেখানে স্যাঁতসেঁতে পরিবেশ, ছত্রাক, অপর্যাপ্ত বায়ু চলাচল কিংবা ঘরের অতিরিক্ত গরম ও ঠান্ডা স্বাস্থ্যের ঝুঁকি বাড়াচ্ছে। ইউনিভার্সিটি অব মেলবোর্নের হেলদি হাউজিং ইউনিটের নেতৃত্বে পরিচালিত গবেষণার বরাতে এ হিসাব জানিয়েছে সেন্টার অব রিসার্চ এক্সেলেন্স ইন হেলদি হাউজিং।

গবেষকদের মতে, স্যাঁতসেঁতে ও ছত্রাকযুক্ত ঘর শ্বাসতন্ত্রের অসুস্থতার ঝুঁকি বাড়াতে পারে। তাপ নিরোধক ব্যবস্থা দুর্বল হলে গ্রীষ্মে ঘর ঠান্ডা রাখা এবং শীতে উষ্ণ রাখা কঠিন হয়ে পড়ে। এর সঙ্গে বাড়তি আবাসন ব্যয় যোগ হলে বাসিন্দাদের মানসিক স্বাস্থ্যের ওপরও চাপ পড়তে পারে।

গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক রেবেকা বেন্টলি বলেন, নিজের বাড়িতে বসবাসকারীদের তুলনায় ভাড়াটিয়ারা ছত্রাক ও স্যাঁতসেঁতে পরিবেশের সমস্যার কথা বেশি জানান। এসব সমস্যা মেরামত করাতেও তাঁদের বেশি বাধার মুখে পড়তে হয়। কম আয়ের মানুষ, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যা নিয়ে বসবাসকারীদের মধ্যেও ঝুঁকি বেশি।

গবেষণা কেন্দ্রের হিসাব অনুযায়ী, বাড়িতে ছত্রাকের সংস্পর্শ দূর করা গেলে আগামী ২০ বছরে অস্ট্রেলিয়ার স্বাস্থ্যসেবা ব্যয় প্রায় ৩৮০ কোটি অস্ট্রেলীয় ডলার কমতে পারে। একই সময়ে কর্মক্ষম মানুষের উৎপাদনশীলতা বাড়লে তাঁদের আয় প্রায় ৫৯০ কোটি অস্ট্রেলীয় ডলার বাড়তে পারে বলে গবেষকেরা অনুমান করেছেন।

অধ্যাপক বেন্টলি দেশজুড়ে আবাসনের ন্যূনতম মান নির্ধারণ, ভাড়াটিয়াদের সুরক্ষা জোরদার এবং চরম আবহাওয়ায় বিদ্যমান বাড়িগুলোকে আরও বাসযোগ্য করার পরিকল্পনার আহ্বান জানিয়েছেন।

হিসাবের সংশোধন: আগের সংবাদসংক্ষেপে ‘২৫ লাখ অস্ট্রেলীয়’ বলা হয়েছিল। এবিসি নিউজ সংখ্যাটি ব্যক্তি হিসেবে উল্লেখ করেছে, আর গবেষণা কেন্দ্রের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে ‘২৫ লাখ পরিবার’। এই প্রতিবেদনে গবেষণা কেন্দ্রের হিসাব ব্যবহার করা হয়েছে।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: