

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার পর এবার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আগেই পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হামলার জন্য ইরান অপেক্ষা করবে না। কূটনৈতিক আলোচনার আড়ালে ওয়াশিংটন নতুন হামলার প্রস্তুতি নিতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
আজ রোববার বাহরাইনের আল-রিফা সামরিক ঘাঁটিতে মার্কিন বিমান প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন নিক্ষেপের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। বাহরাইন জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলা প্রতিহত করেছে। তবে হামলায় মার্কিন রাডারের ক্ষয়ক্ষতির বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
এদিকে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। সেখানে আগে থেকেই অবস্থানরত আরও দুটি মার্কিন বিমানবাহী রণতরীর সঙ্গে এটি যুক্ত হয়েছে।
অন্যদিকে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বাহিনী সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ তেল অবকাঠামো লক্ষ্য করে হামলার দাবি করেছে।
হরমুজ প্রণালিতে নৌ-মাইন বিস্ফোরণে দুটি তেলবাহী জাহাজে আগুন লাগার দাবি করেছে ইরান। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা সংকট বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও তেলের দাম নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।
যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও এখনো স্থায়ী শান্তিচুক্তির কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ওমান সফরের কথা রয়েছে।
প্রায় নয় মাস ধরে চলা এই সংঘাত নতুন করে বিস্তৃত হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও গুরুতর প্রভাব পড়তে পারে।














































আপনার মতামত লিখুন :