অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন অগ্রাধিকার, বিদেশি আবেদনকারীদের অপেক্ষা বাড়তে পারে


নিউজ ডেক্স প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৬, ৩:৪২ অপরাহ্ন
অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন অগ্রাধিকার, বিদেশি আবেদনকারীদের অপেক্ষা বাড়তে পারে

অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী বা স্কিলড মাইগ্রেশন ভিসা প্রক্রিয়াকরণে পরিবর্তিত অগ্রাধিকার নীতির কারণে বিদেশ থেকে আবেদনকারী অনেক অভিবাসনপ্রত্যাশীর অপেক্ষার সময় বাড়তে পারে। বিশেষ করে অস্ট্রেলিয়ায় অবস্থানরত আবেদনকারীরা নির্দিষ্ট ক্ষেত্রে বিদেশে অবস্থানরত আবেদনকারীদের তুলনায় বেশি অগ্রাধিকার পাচ্ছেন।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া মিনিস্টেরিয়াল ডিরেকশন ১২১ ও ১২২-এর মাধ্যমে আগের ডিরেকশন ১১৯ প্রতিস্থাপন করা হয়েছে।

নির্মাণ, স্বাস্থ্যসেবা, শিক্ষকতা, কৃষি, মৎস্য, খনিজ ও সম্পদ খাতের পাশাপাশি আইনশৃঙ্খলা এবং প্রতিরক্ষাসংশ্লিষ্ট পেশার আবেদনকারীরা সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছেন।

এসব অগ্রাধিকারপ্রাপ্ত খাতে অস্ট্রেলিয়ার ভেতরে ও বাইরে অবস্থানরত যোগ্য আবেদনকারীরা সমানভাবে সর্বোচ্চ অগ্রাধিকার পেতে পারেন।

অন্যদিকে, সাধারণ পেশায় অস্ট্রেলিয়ায় অবস্থানরত আবেদনকারীদের পর বিদেশ থেকে এককভাবে আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিদেশ থেকে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদনকারীদের অপেক্ষার সময় তুলনামূলকভাবে বেশি হতে পারে।

পরিবর্তিত নীতির আওতায় রয়েছে স্কিলড ইন্ডিপেন্ডেন্ট ভিসা (১৮৯), স্কিলড নমিনেটেড ভিসা (১৯০), রিজিওনাল স্কিলড ভিসা (৪৯১), এমপ্লয়ার নমিনেশন ভিসা (১৮৬), স্কিলস ইন ডিমান্ড ভিসা (৪৮২) এবং অন্যান্য নির্দিষ্ট দক্ষ কর্মী ভিসা।

বাংলাদেশসহ বিভিন্ন দেশের অস্ট্রেলিয়ায় অভিবাসনপ্রত্যাশীদের জন্য এই পরিবর্তন গুরুত্বপূর্ণ।

তবে অগ্রাধিকার কম পাওয়ার অর্থ ভিসা আবেদন প্রত্যাখ্যান নয়। নতুন নির্দেশনা মূলত আবেদন প্রক্রিয়াকরণের ক্রম নির্ধারণ করে; ভিসার বিদ্যমান যোগ্যতার শর্ত পরিবর্তন করে না।

অভিবাসনপ্রত্যাশীদের আবেদন করার আগে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: