

বাংলাদেশের অর্থনীতির আকার ও অগ্রগতি বোঝার অন্যতম ভিত্তি জিডিপির হিসাব। সেই হিসাবেই অসংগতি পাওয়ার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর বক্তব্য অনুযায়ী, বিগত সরকারের সময়ের হিসাব ফরেনসিক অডিট করে গরমিল চিহ্নিত হয়েছে; বিশেষজ্ঞদের পর্যালোচনা শেষে প্রতিবেদন প্রকাশ করা হবে।
রোববার, ৮ নভেম্বর জাতীয় পরিসংখ্যান দিবসের আলোচনা সভায় মন্ত্রী বলেন, প্রশ্নবিদ্ধ তথ্য দিয়ে কার্যকর কাজ করা যায় না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর স্বাধীনতা এবং তথ্য উন্মুক্ত রাখার ওপরও গুরুত্ব দেন তিনি। পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি একই অনুষ্ঠানে জানান, পর্যালোচনায় অসংগতির প্রমাণ মিলেছে।
এখন প্রয়োজন পূর্ণাঙ্গ প্রতিবেদন। কোন বছরের হিসাবে কতটা গরমিল, কোন পদ্ধতিতে তা ধরা পড়েছে এবং সংশোধিত হিসাব কী—এসব তথ্য জনগণের সামনে আসা জরুরি। শুধু রাজনৈতিক বক্তব্য দিয়ে এত গুরুত্বপূর্ণ প্রশ্নের নিষ্পত্তি হতে পারে না।
পরিসংখ্যানের ওপর ভর করেই উন্নয়ন পরিকল্পনা ও অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে ভুল বা বিকৃতির অভিযোগ উঠলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতাও প্রশ্নের মুখে পড়ে। তাই অসংগতির কারণ, অনুমোদনের প্রক্রিয়া এবং দায়িত্ব নির্ধারণে স্বচ্ছ তদন্ত প্রয়োজন।
মন্ত্রী জানিয়েছেন, অডিটের উদ্দেশ্য কাউকে লক্ষ্যবস্তু করা নয়; অতীতের অনিয়মের গভীরে যাওয়া। তবে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের আগে অসংগতির পরিমাণ বা নির্দিষ্ট কারও অপরাধ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত টানা যাবে না।
দেশের অর্থনীতির হিসাব জনগণের কাছে জবাবদিহির বিষয়। প্রতিবেদন প্রকাশ, স্বাধীন যাচাই এবং প্রমাণ অনুযায়ী ব্যবস্থা এই তিন ধাপেই সরকারের সদিচ্ছার পরীক্ষা হবে।














































আপনার মতামত লিখুন :