

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত নতুন করে ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এই হামলার কথা জানানো হয়। সেপ্টেম্বরের শুরুর পর উপসাগরীয় কোনো দেশে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলার এটিই প্রথম দাবি।
আইআরজিসি জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইনের মার্কিন রাডার ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় নতুন হামলার দাবি পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের বিরোধ অব্যাহত রয়েছে।
ইরান এই জলপথে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ বজায় রেখেছে।
সংঘাত আরও বিস্তৃত হলে আন্তর্জাতিক তেল ও গ্যাস সরবরাহ, জাহাজ চলাচল এবং বিশ্ববাণিজ্যে বড় ধরনের সংকট দেখা দিতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছেন, প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক হামলা চালাতে তিনি দ্বিধা করবেন না।
এদিকে, ইরানও সতর্ক করে জানিয়েছে, নতুন করে হামলা চালানো হলে আরও কঠোর জবাব দেওয়া হবে।














































আপনার মতামত লিখুন :