ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় মার্কিন বিমান হামলা, পাল্টাপাল্টি আক্রমণে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা


নিউজ ডেক্স প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় মার্কিন বিমান হামলা, পাল্টাপাল্টি আক্রমণে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মঙ্গলবার (১৭ নভেম্বর) এ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক রাডার ব্যবস্থা লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত হানে। মার্কিন সামরিক কর্তৃপক্ষের দাবি, তাদের সেনাসদস্য ও সামরিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, মার্কিন ড্রোনের মাধ্যমে ইরানের আকাশসীমা লঙ্ঘনের প্রতিবাদে বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে মার্কিন রাডার ব্যবস্থা লক্ষ্য করে ড্রোন পাঠানো হয়। তবে বাহরাইন ও মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাটি প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো হতাহত বা সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়নি।

ইরানের স্থানীয় কর্মকর্তাদের দাবি, কেশম দ্বীপে মার্কিন হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি। তবে পাল্টাপাল্টি সামরিক অভিযানের ফলে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে।

এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজের ওপর হামলার ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ও তেলের দামের ওপর নতুন চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

পরিস্থিতি শান্ত করতে কাতার ও ওমান কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রেখেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওমানের কর্মকর্তাদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা, নৌপরিবহন এবং সংঘাত নিরসনের বিষয়ে আলোচনা করেছেন।

বিশ্লেষকদের মতে, প্রায় নয় মাস ধরে চলা সংঘাতের মধ্যে নতুন এই পাল্টাপাল্টি হামলা শান্তি আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে। কূটনৈতিক সমাধান দ্রুত না এলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: