

অস্ট্রেলিয়ার শ্রমবাজারে চাপ বেড়েছে। অক্টোবরে দেশটির মৌসুমি সমন্বয়কৃত বেকারত্বের হার বেড়ে ৪ দশমিক ৯ শতাংশে পৌঁছেছে, যা ২০২১ সালের অক্টোবরের পর সর্বোচ্চ। বৃহস্পতিবার প্রকাশিত অস্ট্রেলিয়ান ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের—এবিএস—তথ্যে এ চিত্র উঠে এসেছে।
এবিএসের হিসাবে, এক মাসে কর্মরত মানুষের সংখ্যা কমেছে প্রায় ৪৩ হাজার ৫০০ জন। একই সময়ে বেকার মানুষের সংখ্যা প্রায় ১৭ হাজার ৮০০ বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৫৩ হাজার ৭০০ জনে। শ্রমবাজারে অংশগ্রহণের হারও কমে হয়েছে ৬৬ দশমিক ৬ শতাংশ।
তরুণদের পরিস্থিতি আরও কঠিন। ১৫ থেকে ২৪ বছর বয়সীদের বেকারত্বের হার সেপ্টেম্বরে ১১ দশমিক ১ শতাংশ থেকে অক্টোবরে ১১ দশমিক ৩ শতাংশে উঠেছে। এই হারও পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। এবিএস জানিয়েছে, কোভিড-পরবর্তী সময়ে অক্টোবর মাসে সাধারণত যত মানুষ বেকার থেকে যান, এবার তার চেয়ে বেশি মানুষ কাজের বাইরে রয়ে গেছেন।
দুর্বল কর্মসংস্থানের তথ্য রিজার্ভ ব্যাংকের পরবর্তী সুদ সিদ্ধান্তকে নতুন করে আলোচনায় এনেছে। এবিসি নিউজের প্রতিবেদনে অর্থনীতিবিদেরা বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত সুদের হার অপরিবর্তিত রাখতে পারে। তবে এটি বিশ্লেষকদের পূর্বাভাস; রিজার্ভ ব্যাংকের ঘোষিত সিদ্ধান্ত নয়।














































আপনার মতামত লিখুন :