আমাকে গ্রেপ্তারের চেষ্টা রুখে দিতে প্রস্তুত ‘স্পেশাল ফোর্স’


নিউজ ডেক্স প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন
আমাকে গ্রেপ্তারের চেষ্টা রুখে দিতে প্রস্তুত ‘স্পেশাল ফোর্স’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বিদেশে তাকে গ্রেপ্তারের কোনো চেষ্টা হলে তা প্রতিহত করতে ইসরায়েলি বিশেষ বাহিনী প্রস্তুত থাকবে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির গ্রেপ্তারের আহ্বানকে গুরুত্ব না দিয়েই তিনি যুক্তরাষ্ট্র সফরের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ২০২৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে যুক্তরাষ্ট্র সরকারকে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান জানান। এ বিষয়ে এক টেলিভিশন সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য কোনো দেশে জরুরি অবতরণ বা গ্রেপ্তারের ঝুঁকি থাকলেও তিনি তা নিয়ে উদ্বিগ্ন নন। প্রয়োজন হলে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর বিশেষ বাহিনীকে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে বলেও জানান তিনি।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি দ্য নিউইয়র্ক টাইমসকে বলেন, তার মতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচার দ্য হেগের আদালতে হওয়া উচিত এবং তিনি একজন যুদ্ধাপরাধী। তবে তিনি স্পষ্ট করেন, স্থানীয়ভাবে কাউকে গ্রেপ্তারের এখতিয়ার নিউইয়র্ক সিটির নেই। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নেতানিয়াহুকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধ পরিচালনার সময় অনাহারকে যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার এবং বেসামরিক মানুষের ওপর হামলার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে তিনি এসব অভিযোগ প্রত্যাখ্যান করে সেগুলোকে ইহুদিবিদ্বেষমূলক বলে দাবি করেছেন।

এ ছাড়া নিউইয়র্ক সিটির মেয়রের বক্তব্যকে ১৯৩০ এর দশকের ইহুদিবিদ্বেষী প্রচারণার সঙ্গে তুলনা করে নেতানিয়াহু বলেন, তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে নিজের অবস্থান ও সত্য তুলে ধরবেন।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: