

ইরানের ওপর চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষয়ক্ষতির একটি প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ করেছে তেহরান। দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, এই হামলার ফলে ইরানের প্রাথমিক আর্থিক ক্ষতির পরিমাণ আনুমানিক ২৭০ বিলিয়ন ডলার। তবে এটি চূড়ান্ত কোনো হিসাব নয় এবং পুনর্মূল্যায়নের পর এই অংক আরও বাড়তে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।
রুশ সংবাদ সংস্থা আরআইএ নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাজেরানি জানান, যুদ্ধের ক্ষয়ক্ষতির মূল্যায়ন একটি দীর্ঘ প্রক্রিয়া। তাই চূড়ান্ত পরিসংখ্যান পেতে আরও সময় লাগবে। অন্যদিকে, ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী, দেশজুড়ে আবাসিক এলাকাগুলোতে চালানো হামলায় অন্তত ১ লাখ ২৫ হাজার বেসামরিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মুখপাত্র মোহাজেরানি আরও উল্লেখ করেন যে, যুদ্ধের ক্ষতিপূরণের বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা চলছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় বিষয়টি গুরুত্বের সাথে উত্থাপন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যার দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘ উত্তেজনা শেষে উভয় পক্ষই এখন একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে আলোচনার চূড়ান্ত রূপরেখা কী হবে, তা নিয়ে এখনও কাজ চলছে। ইসলামাবাদের এই দ্বিতীয় দফা বৈঠক মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে বড় ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে। সূত্র: আল-জাজিরা ও আরআইএ নভোস্তি।
জেএইচআর








































আপনার মতামত লিখুন :