

নাইম আবদুল্লাহ: প্রবাসী বাংলাদেশি নাবিকদের সংগঠন বাংলাদেশী অস্ট্রেলিয়ান মেরিনার্স এসোসিয়েশন (BAMA) এর আয়োজনে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার সানডাউন ভিলায় গত ১০ থেকে ১৩ এপ্রিল “বাংলাদেশি গ্লোবাল মেরিনার্স রিইউনিয়ন ২০২৬” অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশি মেরিনারদের এই মিলনমেলা শুধু বন্ধন দৃঢ় করার ক্ষেত্রেই নয়, বরং ছিল সংস্কৃতি, ঐতিহ্য ও বৈচিত্র্যময় খাবারের এক অনন্য উৎসব।
১০ এপ্রিল (শুক্রবার) অংশগ্রহণকারীদের আগমন ও চেক-ইনের মধ্য দিয়ে শুরু হয় রিইউনিয়নের আনুষ্ঠানিকতা। সন্ধ্যায় মাগরিবের নামাজের পর সকল প্রয়াত ও অসুস্থ নাবিকদের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। নৈশভোজ এবং BAMA প্রেসিডেন্ট ও রিইউনিয়ন টিমের স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়। এরপর ছিল পরিচিতি পর্ব ও সৌজন্য উপহার বিতরণ।
১১ এপ্রিল (শনিবার) দিনব্যাপী ছিল নানা আয়োজন। ফজরের নামাজের পর সকালের নাশতা শেষে ফটোসেশন, ক্রীড়া প্রতিযোগিতা এবং বারবিকিউ লাঞ্চের আয়োজন করা হয়। বিকেলে খেলাধুলার পর সন্ধ্যায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাতে অফ-সাইট ভেন্যু CIC হলে মেরিনার ও তাদের পরিবারের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
১২ এপ্রিল (রোববার) অংশগ্রহণকারীরা ক্যানবেরা শহর ঘুরে দেখা, কেনাকাটা ও সামাজিক আড্ডায় সময় কাটান। সন্ধ্যায় ফরমাল ডিনারের পর CIC হলে অনুষ্ঠিত হয় বিঙ্গো, পুরস্কার বিতরণ ও বিশেষ স্বীকৃতি প্রদান অনুষ্ঠান। মেরিনার ও তাদের পরিবারের সদস্যরা একই মঞ্চে জনপ্রিয় সাংস্কৃতিক দল ‘ধূমকেতু’র পরিবেশনা উপভোগ করেন। দিনশেষে আয়োজনের সমাপনী বক্তব্য প্রদান করেন BAMA নির্বাহী কমিটি ও রিইউনিয়ন টিম।
শেষ দিন ১৩ এপ্রিল (সোমবার) ফটোসেশন, বিদায়ী দোয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে চার দিনের এই মিলনমেলার পরিসমাপ্তি ঘটে। বিশ্বের ৭টি দেশ আমেরিকা, যুক্তরাজ্য, বাংলাদেশ, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, কানাডা থেকে অংশগ্রহণকারী ১০৫ টি পরিবারের মোট সদস্য সংখ্যা পুরুষ, মহিলা, শিশু, বালক ও বালিকাসহ ছিল ৩৫০ জন।


চারদিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য আন্তর্জাতিক স্বাদের সমৃদ্ধ মেনুতে ছিল টার্কিশ, ওরিয়েন্টাল সহ ঐতিহ্যবাহী ও সুস্বাদু বাংলাদেশি খাবার।
আয়োজকরা জানিয়েছেন, এই রিইউনিয়নের মূল লক্ষ্য প্রবাসী বাংলাদেশি মেরিনারদের মধ্যে পারস্পরিক বন্ধন জোরদার করা, অভিজ্ঞতা বিনিময় এবং পরিবারসহ একটি আনন্দঘন সময় কাটানো। অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা।
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়া এই আয়োজন অংশগ্রহণকারীদের মাঝে সৃষ্টি করে আনন্দঘন স্মৃতি, যা ভবিষ্যতেও তাদেরকে একসাথে থাকার অনুপ্রেরণা জোগাবে।








































আপনার মতামত লিখুন :