

মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে।
বুধবার ভোরে মাত্র ১০ মিনিটে প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় সীমান্তবর্তী এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাসহ বিভিন্ন মিডিয়ার দাবি, ভোরের দিকে হিজবুল্লাহ নতুন করে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা শুরু করলে ইসরায়েলের সীমান্তবর্তী কিরিয়াত শামুনা শহর ও আশপাশের অঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠে।
কিছু সূত্রের দাবি, মাত্র ১০ মিনিটে হিজবুল্লাহর ছোড়া ৩০টি ক্ষেপণাস্ত্র উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় আঘাত হানে। এর মধ্যে আল-জালিল বা গ্যালিলি অঞ্চলের পশ্চিম অংশেই প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে উল্লেখ করা হয়েছে। এতে সেখানকার বাসিন্দারা আতঙ্কে বেশ কিছুক্ষণ নিজেদের বাঙ্কারে লুকিয়ে থাকেন বলে জানা যায়।
অন্য দিকে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ জানিয়েছে, লেবানন থেকে ছোড়া অন্তত ৮টি ক্ষেপণাস্ত্র কিরিয়াত শামুনা শহর ও এর আশপাশে আঘাত হেনেছে।
এ ছাড়াও ইসরায়েলের দখলকৃত আক্কা, নেহারিয়া, আলজালিল আলিয়া এবং পশ্চিম আলজালিল অঞ্চলেও সাইরেন বেজে ওঠার খবর পাওয়া গেছে।
সূত্র: পার্স টুডে








































আপনার মতামত লিখুন :