৭০ বছর আগে যা ‍দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’


নিউজ ডেক্স প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৬, ৫:০২ অপরাহ্ন
৭০ বছর আগে যা ‍দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে ৩ আগস্ট একটি স্মরণীয় দিন। ১৯৫৬ সালের এই দিনে মুক্তি পেয়েছিল দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’। এই চলচ্চিত্রের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় ঢাকার চলচ্চিত্র শিল্পের। সোমবার (৩ আগস্ট) ঐতিহাসিক এই মাইলফলকের ৭০ বছর পূর্ণ হলো।

আজ থেকে সাত দশক আগে ঢাকার ঐতিহ্যবাহী রূপমহল সিনেমা হলে ছবিটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সে সময় তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর শেরেবাংলা এ কে ফজলুল হক আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রটির উদ্বোধন করেন।

‘মুখ ও মুখোশ’ নির্মাণের পেছনে রয়েছে সংগ্রাম, সাহস ও আত্মবিশ্বাসের এক অনন্য ইতিহাস। ১৯৫৩ সালে পূর্ব পাকিস্তানে চলচ্চিত্র নির্মাণের সম্ভাবনা নিয়ে আয়োজিত এক সভায় দাবি করা হয়েছিল, এ অঞ্চলের আর্দ্র আবহাওয়ায় চলচ্চিত্র নির্মাণ সম্ভব নয়। সেই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে চলচ্চিত্র নির্মাতা আবদুল জব্বার খান নিজেই একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন।

নিজের লেখা ‘ডাকাত’ নাটক অবলম্বনে তিনি নির্মাণ করেন ‘মুখ ও মুখোশ’। চলচ্চিত্র নির্মাণে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও কলকাতা থেকে একটি পুরোনো ক্যামেরা ও সাধারণ টেপরেকর্ডার সংগ্রহ করে শুরু করেন শুটিংয়ের কাজ। নারী শিল্পীর সংকট কাটাতে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অভিনেত্রী নির্বাচন করা হয়।

ছবিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন কলকাতার পূর্ণিমা সেনগুপ্ত। আর নায়ক আফজলের ভূমিকায় অভিনয় করেন পরিচালক আবদুল জব্বার খান নিজেই।

বুড়িগঙ্গার কালীগঞ্জ, লালমাটিয়া, তেজগাঁও এবং টঙ্গীর তুরাগ নদীর তীরসহ বিভিন্ন স্থানে ছবিটির দৃশ্যধারণ করা হয়। সংগীত পরিচালনা করেন সমর দাস। গানগুলোতে কণ্ঠ দেন মাহবুবা হাসনাত ও কিংবদন্তি শিল্পী আবদুল আলীম।

প্রথমদিকে ঢাকার পরিবেশকদের অনেকেই ছবিটি প্রদর্শনে আগ্রহ দেখাননি। তবে পরে রূপমহল সিনেমা হলের পাশাপাশি চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও খুলনার বিভিন্ন প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় ‘মুখ ও মুখোশ’।

মুক্তির পর দর্শকদের ব্যাপক সাড়া প্রমাণ করে দেয়, সব প্রতিকূলতা অতিক্রম করে বাংলার মাটিতেও মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণ সম্ভব।

সাত দশক পরও ‘মুখ ও মুখোশ’ শুধু একটি চলচ্চিত্র নয়, বরং বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সূচনা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতার প্রতীক হিসেবে ইতিহাসে অমলিন হয়ে আছে।

এমএ

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: