৪২টি ছোট মাপের কাঁকড়া ধরায় জেলেকে ৩,৩৬৪ ডলার জরিমানা


নিউজ ডেক্স প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ন
৪২টি ছোট মাপের কাঁকড়া ধরায় জেলেকে ৩,৩৬৪ ডলার জরিমানা

পশ্চিম অস্ট্রেলিয়ায় মৎস্য আইন লঙ্ঘন করে নির্ধারিত আকারের চেয়ে ছোট ‘ব্লু সুইমার’ কাঁকড়া ধরার দায়ে এক ব্যক্তিকে ৩,৩৬৪ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছেন আদালত।

পশ্চিম অস্ট্রেলিয়া সরকারের তথ্য অনুযায়ী, আর্মাডেলের ৩৭ বছর বয়সী ওই ব্যক্তিকে ম্যানডুরাহ ম্যাজিস্ট্রেটস কোর্টে এ জরিমানা করা হয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে মৎস্য ও সামুদ্রিক বিভাগের কর্মকর্তারা ম্যানডুরাহর কুডানাপ উপকূলে নিয়মিত তল্লাশির সময় তার কাছে মোট ৪৩টি ব্লু সুইমার কাঁকড়া পান। পরীক্ষা করে দেখা যায়, এর মধ্যে ৪২টির আকারই আইনসম্মত ন্যূনতম ১২৭ মিলিমিটারের চেয়ে ছোট।

পশ্চিম উপকূলীয় অঞ্চলে একজন ব্যক্তি দৈনিক সর্বোচ্চ ১০টি ব্লু সুইমার কাঁকড়া ধরতে পারেন। অথচ ওই ব্যক্তি নির্ধারিত সীমার চেয়ে ৩৩টি বেশি কাঁকড়া ধরেছিলেন। জব্দ করা সব কাঁকড়াই জীবিত অবস্থায় আবার পানিতে ছেড়ে দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ বলেছে, রাজ্যের মৎস্যসম্পদ রক্ষা এবং ভবিষ্যতের জন্য এর স্থায়িত্ব নিশ্চিত করতে কাঁকড়াসহ সব সামুদ্রিক প্রাণী ধরার ক্ষেত্রে নির্ধারিত আকার ও দৈনিক সীমা মেনে চলা জরুরি।

ডিপার্টমেন্ট অব প্রাইমারি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড রিজিওনাল ডেভেলপমেন্টের জ্যেষ্ঠ কর্মকর্তা মার্ক ক্লিম্যান সতর্ক করে বলেন, মৎস্য ও সামুদ্রিক কর্মকর্তারা নিয়মিত টহল পরিচালনা করেন এবং আইন ভঙ্গকারীদের জরিমানা ও অন্যান্য শাস্তির মুখোমুখি হতে হয়।

সন্দেহজনক বা অবৈধ মাছ ধরার ঘটনা দেখলে পশ্চিম অস্ট্রেলিয়ার বাসিন্দাদের FishWatch-এর 1800 815 507 নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: