

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে দোষী সাব্যস্ত করে ১,৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছেন সিডনির একটি আদালত। একই সঙ্গে তার গাড়িতে ১২ মাসের জন্য অ্যালকোহল ইন্টারলক ডিভাইস স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে জানানো হয়, চলতি বছরের ইস্টার সানডেতে সিডনির পূর্বাঞ্চলীয় মারুব্রায় একটি ‘র্যান্ডম ব্রেথ টেস্ট’ বা আকস্মিক শ্বাস পরীক্ষাকেন্দ্রের দিকে এগিয়ে যাওয়ার সময় ওয়ার্নার গাড়ি থামিয়ে এক নারী যাত্রীর সঙ্গে আসন বদলের চেষ্টা করেছিলেন।
পরে পুলিশি পরীক্ষায় তার রক্তে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় ০.১০৪—যা নিউ সাউথ ওয়েলসের বৈধ সীমা ০.০৫-এর দ্বিগুণেরও বেশি। ঘটনার সময় তার পরিবারের সদস্য ও তিন শিশুকন্যাও গাড়িতে ছিল বলে আদালতে জানানো হয়।
ওয়ার্নার অপরাধ স্বীকার করেন। তার আইনজীবী জানান, ঘটনার আগে তিনি তিন গ্লাস ওয়াইন পান করেছিলেন। ব্যাপক সংবাদ প্রচার, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা এবং বাণিজ্যিক সুযোগ হারানোর কারণে ওয়ার্নার ইতিমধ্যেই অতিরিক্ত শাস্তির মুখে পড়েছেন—এ যুক্তিতে আদালতের কাছে দোষী সাব্যস্ত না করার আবেদন জানানো হয়েছিল।
তবে বিচারক ক্লেয়ার ফারনান সেই আবেদন গ্রহণ করেননি। তিনি বলেন, ওয়ার্নারের আবার একই অপরাধ করার আশঙ্কা কম হলেও মদ্যপ অবস্থায় গাড়ি চালানো নিউ সাউথ ওয়েলসে এখনো গুরুতর জননিরাপত্তা সমস্যা। খ্যাতির কারণে তাকে অন্য অভিযুক্তদের চেয়ে ভিন্নভাবে বিবেচনা করা সমীচীন হবে না।
আদালতের নির্দেশ অনুযায়ী, ওয়ার্নারের গাড়িতে এমন একটি ইন্টারলক ডিভাইস বসাতে হবে, যা চালকের নিঃশ্বাসে অ্যালকোহল শনাক্ত হলে গাড়ির ইঞ্জিন চালু হতে দেবে না।
৩৯ বছর বয়সী ওয়ার্নার বর্তমানে ফক্স স্পোর্টসের ক্রিকেট ধারাভাষ্যকার এবং বিগ ব্যাশ লিগের দল সিডনি থান্ডারের অধিনায়ক। আদালত থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি।














































আপনার মতামত লিখুন :