

ইরানের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হলেও দেশটির ওপর মার্কিন নৌ-অবরোধ এখনই তুলে নেওয়া হচ্ছে না।
শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের সাথে যাবতীয় চুক্তি বা সমঝোতা পুরোপুরি সম্পন্ন না হওয়া পর্যন্ত এই কঠোর অবরোধ বজায় থাকবে।
ট্রাম্প তাঁর পোস্টে উল্লেখ করেন, হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য প্রস্তুত হলেও মার্কিন শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত নৌ-অবরোধ পূর্ণ শক্তিতে কার্যকর থাকবে। তবে এই সংকট নিরসনে একটি স্থায়ী চুক্তির বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাঁর মতে, আলোচনার মাধ্যমে ইতোমধ্যে অধিকাংশ অমীমাংসিত বিষয় চূড়ান্ত করা হয়েছে এবং সমঝোতা প্রক্রিয়াটি খুব দ্রুতই শেষ হবে বলে তিনি মনে করেন।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, লেবাননে চলমান যুদ্ধবিরতির প্রতি সম্মান প্রদর্শন করে হরমুজ প্রণালি খুলে দেওয়া হয়েছে। মূলত লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর করা ছিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনার অন্যতম প্রধান শর্ত। প্রেসিডেন্ট ট্রাম্প গতকালই এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি উন্মুক্ত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের দুশ্চিন্তা কমলেও ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ বহাল থাকায় দেশটির অর্থনীতি এখনো চাপের মুখেই থাকছে। দুই দেশের মধ্যকার চূড়ান্ত সমঝোতা এখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং পরবর্তী সংলাপের ফলাফলের ওপরই নির্ভর করছে এই অঞ্চলের ভবিষ্যৎ স্থিতিশীলতা।
জেএইচআর








































আপনার মতামত লিখুন :