প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত


নিউজ ডেক্স প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য পৃথক দুটি আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে ভারত।

মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের (BIMSTEC) সভাপতি হিসেবে এবং দ্বিপাক্ষিক সফরের জন্য পৃথক দুটি চিঠির মাধ্যমে এই আমন্ত্রণ পাঠানো হয়েছে।

তবে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে আগের দিন সোমবার (১০ আগস্ট) জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য বৈঠকের পর তিনি জানান, সরকার গঠনের পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে দ্বিপাক্ষিক সফরের একটি নিমন্ত্রণ ছিল। তবে ব্রিকস সম্মেলনের আমন্ত্রণটি এককভাবে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ হিসেবে নয়, বরং ‘বিমসটেকের সভাপতি’ হিসেবে এসেছে।

উল্লেখ্য, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক এবং স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে উভয় দেশের পক্ষ থেকে জানানো হয়।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: