নারী বিগ ব্যাশে প্রথম ‘টাইমড আউট’, বল না খেলেই ফিরলেন ডটিন


নিউজ ডেক্স প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৬, ৭:৪৮ পূর্বাহ্ন
নারী বিগ ব্যাশে প্রথম ‘টাইমড আউট’, বল না খেলেই ফিরলেন ডটিন

ব্যাট হাতে ক্রিজে এসেছিলেন ডিয়ান্ড্রা ডটিন। কিন্তু একটি বলও মোকাবিলা করার আগেই ফিরতে হলো তাঁকে। বুধবার মেলবোর্নের জাংশন ওভালে ব্রিসবেন হিটের বিপক্ষে নির্ধারিত ৭৫ সেকেন্ডের মধ্যে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হতে পারেননি মেলবোর্ন রেনেগেডসের এই ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার। এরপর ব্রিসবেনের লেগ স্পিনার সারা গ্লেন খালি স্টাম্পে বল লাগাতেই নারী বিগ ব্যাশ লিগের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ‘টাইমড আউট’ হন ডটিন।

নারী বিগ ব্যাশের নতুন নিয়মে, উইকেট পড়ার পর নতুন ব্যাটারকে ৭৫ সেকেন্ডের মধ্যে বল মোকাবিলার জন্য প্রস্তুত হতে হয়। সময় পেরিয়ে গেলে ব্যাটারকে সরে দাঁড়াতে হয়, আর বোলার খালি স্টাম্পে একবার বল করার সুযোগ পান। বল স্টাম্পে লাগলে ব্যাটার আউট। ডটিন তখনও ব্যাটিং সরঞ্জাম ঠিক করছিলেন। আম্পায়ারদের সিদ্ধান্তের পর গ্লেন সেই সুযোগ কাজে লাগান।

ব্রিসবেন হিটের ৮ উইকেটে ১৩৭ রান তাড়া করতে নেমে মেলবোর্ন রেনেগেডস শেষ বলে ৭ উইকেটে ১৩৮ রান করে। অ্যানি উইকম্যান শেষ বলে এক রান নিয়ে তিন উইকেটের জয় নিশ্চিত করেন। এর আগে রেনেগেডস অধিনায়ক সোফি মলিনিউ ২০ রান দিয়ে চার উইকেট নেন। এই জয়ে ব্রিসবেনকে পেছনে ফেলে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে আসে মেলবোর্ন।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: