তাসমানিয়ার ফ্লিন্ডার্স দ্বীপে দাবানল নিয়ন্ত্রণের বাইরে


নিউজ ডেক্স প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৬, ৭:০৯ পূর্বাহ্ন
তাসমানিয়ার ফ্লিন্ডার্স দ্বীপে দাবানল নিয়ন্ত্রণের বাইরে

তাসমানিয়ার উত্তর-পূর্বে ফ্লিন্ডার্স দ্বীপে নিয়ন্ত্রণের বাইরে থাকা দাবানলে প্রায় ১৩ হাজার হেক্টর এলাকা পুড়েছে। বৃহস্পতিবার সকালে তাসমানিয়া ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন দ্বীপের উত্তরাঞ্চল থেকে দ্রুত দক্ষিণ-পশ্চিম দিকে ছড়াচ্ছে। মাউন্ট কিলিক্র্যাঙ্কি ও মাউন্ট ব্লাইথ এলাকায় জরুরি সতর্কতা জারি রয়েছে।

এবিসি নিউজের খবর অনুযায়ী, কয়েকজন স্থানীয় বাসিন্দা ও পর্যটককে দ্বীপ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাসমানিয়া সরকার হোয়াইটমার্কের ৯ প্যাট্রিক স্ট্রিটে ফার্নো আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট সেন্টারে আশ্রয়কেন্দ্র খুলেছে। একাধিক সড়কে বিদ্যুতের তার পড়ে থাকায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের দক্ষিণ দিকে যাত্রা না করার নির্দেশ দিয়েছে ফায়ার সার্ভিস।

তাসমানিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা স্টিভ রিচার্ডসন জানান, বাতাসের বেগ বাড়ায় আগুনের তীব্রতা বেড়েছে। রাতে দৃশ্যমানতা কম ছিল এবং কিছু এলাকায় সরাসরি আগুন নেভানোর কাজ চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দ্বীপের কয়েকটি যোগাযোগ টাওয়ার জরুরি জেনারেটরে চলছে। বিদ্যুৎ সংযোগ ফেরাতে কাজ করছেন কর্মীরা।

আগুনের কারণ এখনও নিশ্চিত করা যায়নি। দমকল কর্তৃপক্ষের ধারণা, গত সপ্তাহে বজ্রপাত থেকে এর সূত্রপাত হয়ে থাকতে পারে। বাসিন্দাদের সর্বশেষ সতর্কতা দেখে জরুরি সেবার নির্দেশনা অনুসরণ করতে বলেছে তাসমানিয়া সরকার।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: