জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে তোলপাড়, প্রশ্নের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক


নিউজ ডেক্স প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৬, ৬:২৫ অপরাহ্ন
জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে তোলপাড়, প্রশ্নের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। কর্মজীবী নারীদের যৌনকর্মীদের সঙ্গে তুলনা করার অভিযোগ এবং হামাস নেতাদের প্রশংসা করার অতীত বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে তাঁর ভিসা বাতিলের দাবি জানিয়েছে অস্ট্রেলিয়ার সংগঠন।

অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে কঠোর যাচাই-বাছাইয়ের প্রতিশ্রুতি দেওয়ার মাত্র কয়েক সপ্তাহ পরই শফিকুর রহমানকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়ায় চাপের মুখে পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। গত ২০ নভেম্বর পাঁচ দিনের সফরে সিডনিতে পৌঁছান শফিকুর রহমান। সফরকালে তিনি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।

চলতি বছরের ৩১ জানুয়ারি শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে কর্মজীবী নারীদের যৌনকর্মীদের সঙ্গে তুলনা করে একটি পোস্ট প্রকাশিত হয়। ওই পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যাপক সমালোচনা ও শিক্ষার্থীদের বিক্ষোভ দেখা দেয়।

তবে জামায়াতে ইসলামী দাবি করে, তাঁর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। বিতর্কিত বক্তব্যটি তিনি নিজে লিখেছিলেন কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদনে শফিকুর রহমানের বিরুদ্ধে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ও ইসমাইল হানিয়ার প্রশংসা করার অভিযোগও তুলে ধরা হয়েছে।

অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন এবং অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন তাঁর অস্ট্রেলিয়া প্রবেশের অনুমতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনগুলো সরকারের কাছে ভিসা অনুমোদনের ব্যাখ্যা দাবি করেছে।

গত ১১ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানিয়েছিলেন, বিদেশি নাগরিকদের ভিসা দেওয়ার আগে তাঁদের অতীত কর্মকাণ্ড যাচাই করতে সরকার কঠোর ক্ষমতা ব্যবহার করছে। সেই বক্তব্যের প্রায় ছয় সপ্তাহ পর জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর দেশটির অভিবাসন নীতির ধারাবাহিকতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

সিডনির অভিবাসন এজেন্ট রেমন্ড সালোমন শফিকুর রহমানের ভিসা বাতিলের দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছেন বলে সংবাদমাধ্যমে জানানো হয়েছে। এর আগে চলতি বছরের এপ্রিলে বিতর্কিত বক্তব্যের অভিযোগে বাংলাদেশি ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল করা হয়েছিল। সেই ঘটনার পর বর্তমান সফর নিয়ে ভিসা যাচাই-বাছাইয়ের মানদণ্ড সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ায় জাতীয় নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি, মতপ্রকাশের স্বাধীনতা এবং অভিবাসন আইনের সমান প্রয়োগ নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: