

অস্ট্রেলিয়ায় অনলাইনে সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদ মোকাবিলায় সিডনিতে নতুন জাতীয় কেন্দ্র ‘কাউন্টার টেররিজম অনলাইন সেন্টার’ (CTOC) উদ্বোধন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক, অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের (AFP) কমিশনার ক্রিসি ব্যারেট এবং অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (ASIO) মহাপরিচালক মাইক বার্জেস যৌথভাবে কেন্দ্রটির উদ্বোধন করেন।
নতুন এই কেন্দ্রের মাধ্যমে AFP ও ASIO সমন্বিতভাবে অনলাইনে সন্ত্রাসী কার্যক্রম শনাক্ত, নজরদারি এবং সম্ভাব্য হামলার পরিকল্পনা প্রতিরোধে কাজ করবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ত্রাসী ও সহিংস উগ্রবাদী গোষ্ঠীগুলো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নতুন সদস্য সংগ্রহ, হামলার পরিকল্পনা, সমর্থন আদায় এবং উগ্রবাদী প্রচারণা ছড়িয়ে মানুষকে সহিংসতায় উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। এসব হুমকি মোকাবিলায় নতুন কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
CTOC-এর প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে গোয়েন্দা তথ্য বিনিময়ের মাধ্যমে আগাম হুমকি শনাক্ত, ফেডারেল ও রাজ্য পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সমন্বয়, আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থার সঙ্গে সহযোগিতা এবং সম্ভাব্য সন্ত্রাসী তৎপরতা দ্রুত প্রতিরোধ করা।
এ ছাড়া উন্নত প্রযুক্তি ও নতুন নজরদারি পদ্ধতি ব্যবহার করে অনলাইনে উগ্রবাদী প্রচারণা শনাক্ত এবং তরুণসহ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সহিংস উগ্রবাদে জড়িয়ে পড়া প্রতিরোধে কাজ করবে কেন্দ্রটি।
কর্তৃপক্ষের মতে, অনলাইনে সহিংস উগ্রবাদী উপাদানের বিস্তার রোধ এবং প্রাথমিক পর্যায়ে হস্তক্ষেপের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
সন্দেহজনক উগ্রবাদী কার্যক্রম দেখলে জানান: কেউ অনলাইনে বা সরাসরি সহিংস উগ্রবাদে জড়িয়ে পড়ছেন বলে সন্দেহ হলে অস্ট্রেলিয়ার ন্যাশনাল সিকিউরিটি হটলাইনে ১৮০০ ১২৩ ৪০০ নম্বরে পরিচয় গোপন রেখে তথ্য দেওয়া যাবে।
নতুন কেন্দ্রটির মাধ্যমে অস্ট্রেলিয়ার জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান ও সমন্বয় আরও শক্তিশালী হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
সূত্র: Australian Federal Police (AFP)














































আপনার মতামত লিখুন :