অস্ট্রেলিয়ায় সুদ ১৮ বছরের সর্বোচ্চ, ১৩ নভেম্বর থেকে বাড়ছে বড় চার ব্যাংকের গৃহঋণের হার


নিউজ ডেক্স প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
অস্ট্রেলিয়ায় সুদ ১৮ বছরের সর্বোচ্চ, ১৩ নভেম্বর থেকে বাড়ছে বড় চার ব্যাংকের গৃহঋণের হার

অস্ট্রেলিয়ায় বাড়ির ঋণ পরিশোধে আরও চাপ আসছে। রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া—আরবিএ নগদ সুদের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৪ দশমিক ৮৫ শতাংশ করার পর দেশের প্রধান চার ব্যাংক পরিবর্তনশীল সুদের গৃহঋণের হার বাড়ানোর ঘোষণা দিয়েছে। কমনওয়েলথ ব্যাংক, ওয়েস্টপ্যাক, ন্যাব ও এএনজেডের নতুন হার কার্যকর হবে ১৩ নভেম্বর থেকে।

গত ৩ নভেম্বর আরবিএ সুদ শূন্য দশমিক ২৫ শতাংশ পয়েন্ট বাড়িয়েছে। এটি চলতি বছরে পঞ্চম বৃদ্ধি এবং ২০০৮ সালের শেষ ভাগের পর সর্বোচ্চ নগদ সুদের হার। সিদ্ধান্তের পক্ষে ভোট দেন বোর্ডের ছয় সদস্য; তিনজন অপরিবর্তিত রাখার পক্ষে ছিলেন।

এএনজেডের হিসাবে, মূলধন ও সুদ একসঙ্গে পরিশোধ করা পাঁচ লাখ অস্ট্রেলীয় ডলারের একটি পরিবর্তনশীল সুদের আবাসিক ঋণে মাসিক কিস্তি আনুমানিক ৭৯ ডলার বাড়তে পারে। তবে ঋণের শর্ত অনুযায়ী প্রকৃত বৃদ্ধি ভিন্ন হবে।

আরবিএ গভর্নর মিশেল বুলক জানিয়েছেন, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত। তাঁর বক্তব্য অনুযায়ী, অর্থনীতিতে ব্যয় ও প্রবৃদ্ধি কিছুটা কমলেও অভ্যন্তরীণ চাহিদার চাপ রয়ে গেছে। একই সঙ্গে নিত্যপণ্যের বাড়তি দাম নিম্ন আয়ের পরিবারগুলোকেও কঠিন অবস্থায় ফেলছে।

কিছু সঞ্চয়ী হিসাবেও সুদ বাড়ছে। তবে সর্বোচ্চ সুদ পেতে নিয়মিত জমা ও উত্তোলনসংক্রান্ত শর্ত পূরণ করতে হতে পারে। আর কিস্তি পরিশোধে সমস্যায় পড়া গ্রাহকদের দ্রুত নিজ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে বলেছে ব্যাংকগুলো। 

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: