নৌকা প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে ফিরছে ‘না’ ভোট – নির্বাচনী বিধিতে বড় পরিবর্তন


নিউজ ডেক্স প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১:০৮ অপরাহ্ন
নৌকা প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে ফিরছে ‘না’ ভোট – নির্বাচনী বিধিতে বড় পরিবর্তন

হলফনামায় পরিবারের আয়কর তথ্য দেওয়া ঐচ্ছিক; জামিনের আদেশ সংযুক্তির শর্তও শিথিল । জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার বিধিমালায় কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিতে ‘নৌকা’ প্রতীককে স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি কোনো নির্বাচনী আসনে মাত্র একজন প্রার্থী থাকলে ভোটারদের জন্য ‘না’ ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করে মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ-সংক্রান্ত গেজেট জারি করা হয়। সংশোধিত বিধিমালা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ও ভোটগ্রহণ প্রক্রিয়ায় প্রযোজ্য হবে।

নৌকা প্রতীক ‘স্থগিত’

সংশোধিত বিধিমালার ৯(১) ধারায় বলা হয়েছে, নির্বাচন কমিশনের তালিকায় থাকা যেকোনো প্রতীক প্রার্থীদের বরাদ্দ দেওয়া যাবে—তবে স্থগিত প্রতীক বরাদ্দ করা যাবে না। কমিশনের প্রতীক তালিকায় নৌকাকে ‘স্থগিত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তবে এটিকে প্রতীকটির স্থায়ী বাতিল বা তালিকা থেকে সম্পূর্ণ অপসারণ হিসেবে উল্লেখ করা হয়নি। তালিকায় আপেল, আনারস, আম, ঈগল, উট, ট্রাক, ট্রাক্টর, বই, সাইকেল, রকেট, রিকশা, লাঙল, গোলাপ, কাঁচি, ঘোড়া, চশমা, ছাতা ও মোবাইল ফোনসহ আরও ১২০টি প্রতীক রয়েছে।

একক প্রার্থীর আসনে ‘না’ ভোট

নতুন বিধিমালায় কোনো আসনে প্রতিদ্বন্দ্বিতায় মাত্র একজন প্রার্থী থাকলে ব্যালটে ‘না’ প্রতীক বা বিকল্প রাখার ব্যবস্থা করা হয়েছে। ফলে ওই আসনের ভোটাররা একমাত্র প্রার্থীকে সমর্থন না করলে ‘না’ ভোট দিতে পারবেন।

তবে ‘না’ ভোট বেশি পড়লে পরবর্তী নির্বাচনপ্রক্রিয়া কীভাবে পরিচালিত হবে, গেজেটের বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে তার বিস্তারিত উল্লেখ করা হয়নি।

হলফনামার নিয়মে শিথিলতা

প্রার্থীর হলফনামায় স্বামী বা স্ত্রী, সন্তান এবং নির্ভরশীল ব্যক্তিদের আয়কর-সংক্রান্ত তথ্য জমা দেওয়ার বিধানও শিথিল করা হয়েছে। আগে এসব তথ্য সংযুক্ত করা বাধ্যতামূলক থাকলেও সংশোধিত বিধিতে তা ঐচ্ছিক করা হয়েছে।

‘অভিযুক্ত’ ব্যক্তির সংজ্ঞাও নির্দিষ্ট করা হয়েছে। আদালত যার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন, তাকে এ ক্ষেত্রে অভিযুক্ত হিসেবে বিবেচনা করা হবে।

ফৌজদারি মামলায় অভিযুক্ত এবং জামিনে থাকা প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে জামিনের আদেশের সত্যায়িত কপি জমা দেওয়ার আগের শর্তও শিথিল করেছে কমিশন।

কারাবন্দী প্রার্থীর নথি সত্যায়ন

কোনো প্রার্থী কারাগারে থাকলে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ তার মনোনয়নপত্র ও হলফনামা সত্যায়ন করতে পারবে। এর ফলে কারাগারে থাকা ব্যক্তির নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সহজ হবে।

এ ছাড়া নির্বাচনী ব্যয়ের জন্য ব্যবহৃত ব্যাংক হিসাব প্রার্থীর নিজের নামে অথবা তার নিয়োগ করা নির্বাচনী এজেন্টের নামে পরিচালনা করা যাবে।

নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী, সংশোধিত এসব বিধান জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়ন ও নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কার্যকর হবে।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: