ফেসবুক–ইনস্টাগ্রামের অ্যালগরিদমে লাগাম টানছে অস্ট্রেলিয়া—ব্যবহারকারীই ঠিক করবেন কী দেখবেন


নিউজ ডেক্স প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৬, ২:৪৮ অপরাহ্ন
ফেসবুক–ইনস্টাগ্রামের অ্যালগরিদমে লাগাম টানছে অস্ট্রেলিয়া—ব্যবহারকারীই ঠিক করবেন কী দেখবেন

নতুন আইন অমান্য করলে প্রযুক্তি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ১০৯.২ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার জরিমানা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা কী দেখবেন, সেই নিয়ন্ত্রণ আর শুধু প্রযুক্তি প্রতিষ্ঠানের অ্যালগরিদমের হাতে থাকছে না। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের নিউজ ফিডে ব্যবহারকারীদের অধিকতর নিয়ন্ত্রণ দিতে নতুন আইন প্রস্তাব করেছে অস্ট্রেলিয়ার সরকার।

‘My Feed, My Way’ নামের প্রস্তাবিত সংস্কারের আওতায় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে ব্যবহারকারীদের জানাতে হবে—কোন পদ্ধতিতে তাদের ফিডের কনটেন্ট নির্বাচন ও প্রদর্শন করা হচ্ছে। একই সঙ্গে অ্যালগরিদমের সুপারিশ গ্রহণ বা প্রত্যাখ্যানের সহজ সুযোগ দিতে হবে।

ব্যবহারকারীরা চাইলে প্ল্যাটফর্মের সুপারিশ করা পোস্ট বন্ধ করে শুধু নিজেদের পছন্দের বন্ধু, ব্যক্তি বা কনটেন্ট নির্মাতার প্রকাশনা দেখতে পারবেন। এর ফলে উসকানিমূলক, আসক্তি সৃষ্টিকারী বা অনাকাঙ্ক্ষিত কনটেন্টের ওপর প্রযুক্তি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ কিছুটা কমবে বলে আশা করছে সরকার।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, মানুষের হাতে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের অভিজ্ঞতা নিয়ন্ত্রণের বাস্তব সুযোগ তুলে দেওয়া এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনাই এই উদ্যোগের লক্ষ্য।

প্রস্তাবিত আইনে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে অস্ট্রেলীয় ব্যবহারকারীদের সম্ভাব্য ক্ষতি কমাতে নিয়মিত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রমাণ দিতে হবে। আইন না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ১০৯.২ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার জরিমানা করা হতে পারে।

অস্ট্রেলিয়ার অনলাইন নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা eSafety Commissioner-কে ক্ষতিকর ও বেআইনি কনটেন্ট দ্রুত সরানোর নির্দেশ দেওয়ার অতিরিক্ত ক্ষমতাও দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।

তবে মতপ্রকাশের স্বাধীনতার পক্ষের কয়েকটি সংগঠন আশঙ্কা করছে, নতুন ক্ষমতার অপব্যবহার হলে অনলাইনে বৈধ মতামত প্রকাশও বাধাগ্রস্ত হতে পারে। সরকার জানিয়েছে, বিলটি সংসদে উত্থাপনের আগে প্রযুক্তি প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করা হবে।

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করার উদ্যোগের পর অ্যালগরিদম নিয়ন্ত্রণের এই প্রস্তাব অস্ট্রেলিয়ার অনলাইন নিরাপত্তা নীতিতে আরও একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। 

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: