

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে দুই আরোহী নিহত হয়েছেন। সকাল ১১টা ১০ মিনিটের দিকে ব্রিসবেনের দক্ষিণে স্টকলি এলাকার মাশ রোডের একটি গ্রামীণ সম্পত্তিতে দুর্ঘটনাটি ঘটে।
বিচক্রাফট বোনানজা মডেলের বিমানটি ব্রিসবেনের আর্চারফিল্ড বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র আট মিনিট পর বিধ্বস্ত হয়। মাটিতে আছড়ে পড়ার পর ধ্বংসাবশেষে আগুন ধরে যায় এবং পাশের ঘাসের জমিতে আগুন ছড়িয়ে পড়ে। কুইন্সল্যান্ড ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিকভাবে পাইলটের মৃত্যুর আশঙ্কার কথা জানানো হলেও পরবর্তী প্রতিবেদনে বিমানটিতে থাকা দুই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো—এটিএসবি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ব্রিসবেন কার্যালয় থেকে তিন সদস্যের বিশেষজ্ঞ তদন্ত দল ঘটনাস্থলে পাঠিয়েছে। তদন্তকারীরা বিমানের ধ্বংসাবশেষ পরীক্ষা করার পাশাপাশি ফ্লাইট ট্র্যাকিং তথ্য, পাইলট ও বিমানের রক্ষণাবেক্ষণ রেকর্ড, আবহাওয়ার তথ্য এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করবেন।
গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পাওয়া গেলে বিস্তারিত পরীক্ষার জন্য ক্যানবেরায় এটিএসবির কারিগরি পরীক্ষাগারে পাঠানো হবে। দুর্ঘটনার কোনো ভিডিও বা ছবি কারও কাছে থাকলে তা তদন্ত সংস্থার কাছে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রায় আট সপ্তাহের মধ্যে প্রকাশিত হতে পারে।












































আপনার মতামত লিখুন :