সিডনির ক্যাম্পবেলটাউন এলাকায় ঘটে যাওয়া এক হৃদয়বিদারক পারিবারিক হত্যাকাণ্ডে গভীর শোক


নিউজ ডেক্স প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৭:৫৯ পূর্বাহ্ন
সিডনির ক্যাম্পবেলটাউন এলাকায় ঘটে যাওয়া এক হৃদয়বিদারক পারিবারিক হত্যাকাণ্ডে গভীর শোক

মোহাম্মাদ আব্দুল মতিন: অস্ট্রেলিয়ার সিডনির ক্যাম্পবেলটাউন এলাকায় ঘটে যাওয়া এক হৃদয়বিদারক পারিবারিক হত্যাকাণ্ডে গভীর শোক, বেদনা ও উদ্বেগে স্তব্ধ হয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রী ও দুই নিষ্পাপ শিশুসন্তানকে হত্যার অভিযোগ ওঠার ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। মর্মান্তিক এ ঘটনার পর কমিউনিটির বিভিন্ন সংগঠন, সামাজিক ব্যক্তিত্ব ও প্রবাসী বাংলাদেশিরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

এই ঘটনায় গভীর শোক জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে কমিউনিটি সংগঠন বিডি হাব সিডনি ও অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম। এক যৌথ শোক বার্তায় বিডি হাব সিডনি ও অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতন এবং বিডি হাব সিডনির সাধারণ সম্পাদক সৈয়দ মিঠু বলেন, “এই নির্মম ও হৃদয়বিদারক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। একজন মা ও দুই নিষ্পাপ শিশুর এমন করুণ মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

এদিকে, স্বদেশ বার্তার প্রধান সম্পাদক ও বিডি হাব সিডনির যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ এক পৃথক শোক বার্তায় বলেন, “এই মর্মান্তিক ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য গভীর বেদনার। পরিবার হলো ভালোবাসা, নিরাপত্তা ও বিশ্বাসের সবচেয়ে বড় আশ্রয়স্থল। সেখানে এমন নির্মম ঘটনা সত্যিই অত্যন্ত উদ্বেগজনক ও হৃদয়বিদারক। আমাদের সবাইকে আরও মানবিক, সহানুভূতিশীল ও সচেতন হতে হবে।”

তিনি আরও বলেন, “বর্তমান সময়ে মানসিক চাপ, পারিবারিক অস্থিরতা ও সামাজিক বিচ্ছিন্নতা অনেক মানুষের জীবনে গভীর প্রভাব ফেলছে। তাই কমিউনিটির সবাইকে একে অপরের খোঁজখবর নেওয়া, মানসিকভাবে বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়ানো এবং পারিবারিক বন্ধন আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দিতে হবে।”

তারা আরও বলেন, “একটি নিরাপদ, মানবিক ও সহনশীল সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং কমিউনিটির সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা, মানবিকতা ও যত্নবোধই হতে হবে আমাদের সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবোধ।”

শোক বার্তায় নেতৃবৃন্দ মানসিক স্বাস্থ্য সচেতনতার বিষয়টিকেও অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তারা বলেন, “বর্তমান সময়ে মানসিক স্বাস্থ্য সংকট একটি নীরব মহামারির মতো ছড়িয়ে পড়ছে। অনেক মানুষ ভেতরে ভেতরে মানসিক চাপ, হতাশা, উদ্বেগ ও পারিবারিক সংকটে ভুগলেও সময়মতো প্রয়োজনীয় সহায়তা পান না। তাই কমিউনিটির সবাইকে মানসিক স্বাস্থ্য বিষয়ে আরও সচেতন হতে হবে এবং বিপদে থাকা মানুষদের পাশে দাঁড়াতে হবে।”

তারা অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রতি পারিবারিক বন্ধন, সামাজিক সংযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্য সহায়তা সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, গত ১৮ মে সন্ধ্যায় সিডনির ক্যাম্পবেলটাউন এলাকায় এই ভয়াবহ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত ব্যক্তি নিজেই জরুরি সেবায় ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর পুরো অস্ট্রেলিয়ান-বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক, উদ্বেগ ও আলোড়নের সৃষ্টি হয়েছে।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: