ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, শান্তি চুক্তির নতুন আশাবাদ


নিউজ ডেক্স প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, শান্তি চুক্তির নতুন আশাবাদ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে নির্দেশনা দেওয়ার পরিকল্পনা স্থগিত করার পর ইরানের সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনায় নতুন আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের এক গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ।

কয়েক সপ্তাহের অচলাবস্থার পর দুই পক্ষ আবার আলোচনার টেবিলে ফিরতে পারে এমন ইতিবাচক ইঙ্গিতের মধ্যেই ট্রাম্প তার তথাকথিত ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লিখেছেন, ‘তেহরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তির পথে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।’ তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

তিনি বলেন, ‘প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত রাখা হচ্ছে, যাতে দেখা যায় চুক্তিটি চূড়ান্ত করে স্বাক্ষর করা সম্ভব কি না।’

তবে তিনি জানান, ইরান হরমুজ প্রণালীতে নিজেদের অবরোধ অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ইরানি বন্দর অবরোধ বহাল থাকবে। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইল অভিযানের পর এই গুরুত্বপূর্ণ নৌপথে অচলাবস্থা তৈরি হয়ে বৈশ্বিক বাজারে অস্থিরতা ও জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে।

গত মাসে ইসলামাবাদে অনুষ্ঠিত প্রাথমিক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ট্রাম্পের ‘সাহসী নেতৃত্ব’ ও ‘সময়সোপযোগী ঘোষণা’কে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘আমরা অত্যন্ত আশাবাদী যে বর্তমান গতি একটি স্থায়ী চুক্তির দিকে নিয়ে যাবে, যা অঞ্চলসহ বিশ্বে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে।’

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, যুক্তরাষ্ট্র এখন মনে করছে যে তেহরানের সঙ্গে একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে, যা হরমুজ প্রণালী পুনরায় চালু এবং সংঘাতের অবসান ঘটাতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, উভয় পক্ষ একটি এক পৃষ্ঠার সমঝোতা স্মারক নিয়ে একমত হওয়ার কাছাকাছি, যা যুদ্ধের অবসান ঘটিয়ে ৩০ দিনের আলোচনার পথ খুলে দেবে। এই আলোচনা জেনেভা বা ইসলামাবাদে হতে পারে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বুধবার বেইজিংয়ে তার চীনা সমকক্ষ ওয়াং ই’র সঙ্গে বৈঠক করেন। যুদ্ধ শুরুর পর এটি তার চীনে প্রথম সফর।

ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, যুদ্ধের অবসান নিয়ে চলমান আলোচনা পর্যালোচনা করা হয়েছে।

বৈঠকের পর ওয়াং ই দ্রুত যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী পুনরায় চালুর আহ্বান জানান।

সফরের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনের প্রতি আহ্বান জানান, যাতে তারা আরাঘচির ওপর চাপ প্রয়োগ করে হরমুজ অবরোধ প্রত্যাহার করতে বলে।

তেলের দাম কমে

ট্রাম্পের আপসহীনতার বদলে নমনীয় অবস্থান এবং জাহাজ নির্দেশনা পরিকল্পনা স্থগিতের সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। আন্তর্জাতিক তেলের সূচক ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট—উভয়ের দামই ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে আসে এবং শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা যায়।

আরাকচির চীন সফরের কয়েক দিনের মধ্যেই ট্রাম্পেরও ১৪ ও ১৫ মে চীন সফরের কথা রয়েছে, যেখানে তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। যুদ্ধের কারণে সফরটি আগে স্থগিত ছিল।

ইরানি গণমাধ্যম জানায়, যুদ্ধ পরিস্থিতি নিয়ে আরাঘচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও টেলিফোনে কথা বলেন। সমাধান খুঁজতে পেছনের কূটনীতি (ব্যাক-চ্যানেল) অব্যাহত রয়েছে।

তবে তেহরানের এক বাসিন্দা বলেন, বর্তমান সরকারের সঙ্গে কোনো চুক্তির সম্ভাবনাই তার কাছে ‘ভীতিকর’ মনে হচ্ছে।

৪৩ বছর বয়সী অনুবাদক আজাদেহ বলেন, ‘আমরা এত কষ্ট সহ্য করলাম, অথচ জনগণের জন্য কোনো অর্জন নেই?’

তিনি আরও বলেন, ‘এই মানসিক চাপ খুবই তীব্র।’

আলোচনায় অগ্রগতি মূলত স্থবির রয়েছে, কারণ তেহরান এখনও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রেখে কৌশলগত সুবিধা ধরে রেখেছে।

পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকায় উভয় পক্ষ থেকেই হামলার অভিযোগ উঠেছে। সোমবার ইরান মার্কিন বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, আর যুক্তরাষ্ট্র জানায় তারা বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি সৃষ্টি করছিল এমন অভিযোগে ছয়টি ইরানি নৌযানে হামলা চালিয়েছে।

সংযুক্ত আরব আমিরাত জানায়, টানা দ্বিতীয় দিনের মতো তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। যদিও তেহরান এ অভিযোগ অস্বীকার করেছে।

৮ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এটিই সবচেয়ে বড় উত্তেজনা বৃদ্ধি হিসেবে বিবেচিত হচ্ছে।

ফরাসি শিপিং কোম্পানি সিএমএ সিজিএম-এর একটি কনটেইনার জাহাজও মঙ্গলবার হরমুজ প্রণালীতে হামলার শিকার হয়েছে বলে জানানো হয়েছে।

সামুদ্রিক বিশ্লেষণ প্রতিষ্ঠান ক্লেপলারের তথ্য অনুযায়ী, সোমবারের পর থেকে হরমুজ দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল যুদ্ধ শুরুর পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

‘উচ্চ সতর্কতা’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র এই জলপথ নিয়ে সংঘাতে যেতে চায় না, তবে নতুন হামলা হলে ‘ধ্বংসাত্মক জবাব’ দেওয়া হবে।

তিনি জানান, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব প্রস্তুত করেছে, যেখানে ইরানকে হামলা বন্ধ, মাইন বসানোর তথ্য প্রকাশ এবং টোল আরোপের চেষ্টা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। শিগগিরই এ প্রস্তাবে ভোট হতে পারে।

অন্যদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলে বুধবার অন্তত দুটি গ্রামে হামলা চালিয়েছে ইসরাইল। এর মধ্যে একটি ১২শ শতাব্দীর ক্রুসেড আমলের দুর্গের কাছাকাছি অবস্থিত।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় এক ইসরাইলি হামলায় চারজন নিহত হয়েছেন।

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহ পরস্পরের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে।

ইসরাইলি সেনাবাহিনীর প্রধান এয়াল জামির বলেন, ইরানের যেকোনো হামলার জবাবে ‘শক্তি প্রয়োগ করা হবে’ এবং সব ফ্রন্টে তারা ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: