

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে লেবাননকে ইরান দর-কষাকষির ঘুঁটি হিসেবে ব্যবহার করছে। এমন অভিযোগ তুলেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তেহরানের শাসকদের তিরস্কার ও আইআরজিসির প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, ‘এটি আপনাদের দেশ নয়’।
শুক্রবার বৈরুতে প্রেসিডেন্ট প্রাসাদে সিএনএনকে সাক্ষাৎকার দেওয়ার সময় আউন লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে তেহরানের হস্তক্ষেপ বন্ধের দাবি জানান। তিনি বলেন, লেবাননের জনগণ ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধ নিয়ে বিরক্ত।
ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ও রাজনৈতিক দল হিজবুল্লাহকে লেবাননের ভেতরে আরেকটি রাষ্ট্র (স্টেট উইদিন স্টেট) হিসেবে বিবেচনা করা হয়। সাক্ষাৎকারে ইরানকে উদ্দেশ্য করে আউন বলেন, ‘আপনারা আমাদের সাহায্য করার চেষ্টা করছেন না। আপনাদের স্বার্থের জন্য লেবাননের মানুষ মূল্য দিচ্ছে। আমাদের স্বার্থ, আপনাদের স্বার্থের সঙ্গে মেলে না।’
বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রতি ক্ষোভ প্রকাশ করে লেবাননের প্রেসিডেন্ট বলেন, ‘এটি আপনাদের দেশ নয়। এটি আমাদের দেশ।’
একটি যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে গত বুধবার ইসরায়েল ও লেবানন একটি চুক্তিতে পৌঁছায়। তবে এটি বাস্তবায়ন নির্ভর করবে হিজবুল্লাহর পক্ষ থেকে হামলা বন্ধের ওপর। আউন বলেন, এই চুক্তিটি স্থায়ী শান্তির পথে এগিয়ে যাওয়ার মাধ্যম হতে পারে।
হিজবুল্লাহ এই চুক্তির অংশ নয়। তাই বুধবারই তারা চুক্তিটি প্রত্যাখ্যান করে। তাদের দাবি, এটি দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কোনো নিশ্চয়তা দেয় না।












































আপনার মতামত লিখুন :