

বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে এলো আরেকটি গৌরবের খবর। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে অনুষ্ঠিত ‘কানেক্টহার ফিল্ম ফেস্টিভাল’-এ সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে বাংলাদেশি প্রামাণ্যচিত্র ‘রেশমা: আ স্ট্রাগল ফর আইডেন্টিটি’।
দুই দিনব্যাপী আয়োজিত এই উৎসবের সমাপনী দিনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ‘উইমেন অ্যান্ড ওয়ার্ক’ ক্যাটাগরিতে সেরার স্বীকৃতি পায় প্রামাণ্যচিত্রটি। গত ১ ও ২ মে অস্টিনের স্ট্রিট থিয়েটারে অনুষ্ঠিত হয় উৎসবটি।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে নির্মাতা সুরাইয়া তাছনিন সাথী আবেগাপ্লুত হয়ে বলেন, আমি ভাষা হারিয়ে ফেলেছি। ‘কানেক্টহার’ ফেলোশিপের ফিল্ম ক্লাসে প্রথম যখন সিনেমা তৈরির পাঠ নিচ্ছিলাম, তখন ভাবিনি প্রথম সিনেমাতেই এমন অর্জন আসবে। এই ফেলোশিপ এবং দীর্ঘ এক বছরের সাধনা আজ সার্থক হলো। আমার মেন্টর নভেরা হাসান নিক্কণ এবং আমার মা কহিনুর বেগমের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হত না।
এই সাফল্যের মাধ্যমে সাথী অর্জন করেছেন ২ হাজার ৫০০ মার্কিন ডলার প্রাইজ মানি এবং একটি বিশেষ স্কলারশিপ।
‘রেশমা: আ স্ট্রাগল ফর আইডেন্টিটি’ নির্মিত হয়েছে সুরাইয়া ফারহানা রেশমার বাস্তব জীবনের সংগ্রাম, আত্মপরিচয়ের সংকট ও লড়াইকে কেন্দ্র করে। সমাজের নানা প্রতিকূলতার মধ্যেও নিজের পরিচয় প্রতিষ্ঠার গল্প উঠে এসেছে এতে।
প্রামাণ্যচিত্রটির সিনেমাটোগ্রাফিতে কাজ করেছেন মিঠুন বর্মন ও মারুফ ভুঁইয়া। প্রডাকশন টিমে ছিলেন আবু বকর সিদ্দিক (শুভ আকন্দ), আপন, আরিফ, সুস্মি সরকার ও অর্ঘ্য রায়। কারিগরি সহায়তায় ছিল ধ্রুপদ কমিউনিকেশন।
এটি সুরাইয়া তাছনিন সাথীর নির্মিত প্রথম চলচ্চিত্র। ‘কানেক্টহার’-এর বিশেষ ফেলোশিপভিত্তিক ফিল্ম ক্লাসে অংশ নেওয়ার মাধ্যমে চলচ্চিত্র নির্মাণে হাতেখড়ি হয় তার। প্রায় এক বছরের গবেষণা, শ্রম ও নিবেদনের ফল হিসেবেই আন্তর্জাতিক মঞ্চে এমন স্বীকৃতি পেল ‘রেশমা’।








































আপনার মতামত লিখুন :