ক্যান্সারে আক্রান্ত জো বাইডেন, ছড়িয়ে পড়েছে হাড়সহ শরীরের বিভিন্ন অংশে


নিউজ ডেক্স প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৬, ৩:২৪ অপরাহ্ন
ক্যান্সারে আক্রান্ত জো বাইডেন, ছড়িয়ে পড়েছে হাড়সহ শরীরের বিভিন্ন অংশে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ৮৩ বছর বয়সী জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার হাড়সহ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তাঁর ছেলে হান্টার বাইডেন। ক্যানসার ছড়িয়ে পড়ায় বাবা প্রচণ্ড শারীরিক যন্ত্রণা ও দুর্বলতার মধ্য দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হান্টার বাইডেন বলেন, বাবার শারীরিক অবস্থা দেখা তাঁর জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক। পরিস্থিতি ভালো নয় উল্লেখ করে তিনি বলেন, জো বাইডেনের আরও বেশি করে নিজের কষ্টের কথা প্রকাশ করা উচিত।

হান্টার জানান, তাঁর বাবার ক্যানসার হাড়সহ শরীরের দূরবর্তী বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। এতে তিনি প্রচণ্ড ব্যথা ও দুর্বলতায় ভুগছেন। তবে শারীরিক অসুস্থতার মধ্যেও দেশের প্রতি গভীর বিশ্বাস থেকে জো বাইডেন সক্রিয় থাকার চেষ্টা করছেন বলে জানান তিনি।

২০২৫ সালের মে মাসে জো বাইডেনের আগ্রাসী ধরনের প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়। পরে চিকিৎসার অংশ হিসেবে তিনি হরমোন থেরাপি ও রেডিয়েশন থেরাপি নেন।

সাক্ষাৎকারে হান্টার বাইডেন তাঁর বাবার প্রেসিডেন্ট মেয়াদের শেষ দিকে দেওয়া ক্ষমার সিদ্ধান্ত নিয়েও কথা বলেন। নিজের প্রতি বাবার এই সিদ্ধান্তের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিজেকে এ বিষয়ে ‘পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি’ বলে উল্লেখ করেন।

২০২৪ সালের ডিসেম্বরে জো বাইডেন বিশেষ আদেশের মাধ্যমে তাঁর ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করেন। এর ফলে তাঁর বিরুদ্ধে থাকা কেন্দ্রীয় আগ্নেয়াস্ত্র ও কর ফাঁকিসংক্রান্ত মামলার সাজা কার্যকর হওয়ার পথ বন্ধ হয়ে যায়। এই সিদ্ধান্তের মাধ্যমে জো বাইডেন আগে দেওয়া ‘হস্তক্ষেপ না করার’ প্রতিশ্রুতি থেকে সরে এসেছিলেন বলে সে সময় ব্যাপক আলোচনা হয়।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: