

অ্যান্টার্কটিকায় ২০২৬-২৭ মৌসুমে একে অপরকে পরিবহন ও রসদ সহায়তা দিতে চুক্তি করেছে অস্ট্রেলিয়া ও চীন। তথ্য জানার অধিকার আইনে পাওয়া সরকারি নথির ভিত্তিতে শুক্রবার এ খবর প্রকাশ করেছে এবিসি নিউজ। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ জানিয়েছে, চুক্তিটি কার্যকর হয়েছে।
চুক্তির বিস্তারিত শর্ত প্রকাশ করা হয়নি। এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের পারস্পরিক ব্যবস্থায় বিমান চলাচল, স্থলপথে পরিবহন ও জরুরি পরিস্থিতিতে সহায়তার সুযোগ থাকে। দুই দেশের মধ্যে সর্বশেষ এমন চুক্তি ছিল ২০২৪-২৫ মৌসুমে।
এদিকে পূর্ব অ্যান্টার্কটিকার গ্রোভ পর্বতমালায় বরফের ওপর আন্তমহাদেশীয় উড়োজাহাজ ওঠানামার জন্য একটি রানওয়ে তৈরির পরিকল্পনা করছে চীন। পরিবেশগত মূল্যায়ন অনুযায়ী, ২০২৯-৩০ মৌসুমে রানওয়েটি চালুর লক্ষ্য রয়েছে। সেখানে বছরে সর্বোচ্চ আটটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।
রানওয়ে পরিকল্পনা নিয়ে এবিসির প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ জানিয়েছে, সব পক্ষের কাছে তারা অ্যান্টার্কটিক চুক্তি ও এর পরিবেশ সুরক্ষা প্রটোকল মেনে চলার প্রত্যাশা করে। এর মধ্যে রয়েছে সামরিকীকরণ নিষিদ্ধ রাখা, বৈজ্ঞানিক গবেষণার স্বাধীনতা ও পরিবেশ সুরক্ষা।














































আপনার মতামত লিখুন :