অস্ট্রেলিয়ায় ২৩ কোটি ৫০ লাখ ডলারের সম্ভাব্য সরকারি অর্থ জালিয়াতি, অভিযুক্ত পাঁচ


নিউজ ডেক্স প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন
অস্ট্রেলিয়ায় ২৩ কোটি ৫০ লাখ ডলারের সম্ভাব্য সরকারি অর্থ জালিয়াতি, অভিযুক্ত পাঁচ

অস্ট্রেলিয়ায় সরকারি ভাতা ও সেবার অর্থ নিয়ে প্রায় ২৩ কোটি ৫০ লাখ অস্ট্রেলীয় ডলারের সংঘটিত ও সম্ভাব্য জালিয়াতি শনাক্ত করেছে তদন্তকারীরা। দেশজুড়ে সমন্বিত অভিযানের অংশ হিসেবে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই অঙ্কের পুরো অর্থ আত্মসাৎ হয়েছে বলে এখনও নিশ্চিত করা হয়নি।

কর্তৃপক্ষের অভিযোগ, কিছু ব্যক্তি ও সেবাদাতা প্রতিষ্ঠান সেবা না দিয়েই কিংবা আংশিক সেবা দিয়ে সরকারি অর্থ দাবি করেছে। তদন্তে জাতীয় প্রতিবন্ধী বিমা সংস্থা—এনডিআইএ, সার্ভিসেস অস্ট্রেলিয়া, শিক্ষা বিভাগ এবং সাবেক সেনাসদস্যবিষয়ক বিভাগের অর্থ সংশ্লিষ্ট অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

‘অপারেশন ইন্টেগ্রিটি ফিউশন’-এর আওতায় তিন মাসে সিডনি, মেলবোর্ন, অ্যাডিলেড, নিউ সাউথ ওয়েলসের সেন্ট্রাল কোস্ট এবং কুইন্সল্যান্ডের গ্রামীণ এলাকায় ২৬টি তল্লাশি পরোয়ানা কার্যকর করা হয়। অভিযানে নগদ অর্থ, মূল্যবান ধাতু, গয়না, নথিপত্র ও ডিজিটাল সরঞ্জাম জব্দ করা হয়েছে।

তদন্তকারীদের অভিযোগ, অনুমতি ছাড়া ব্যক্তিগত ও সরকারি তথ্য সংগ্রহ করে কিছু ক্ষেত্রে ভাতা ও সুবিধার অর্থ দাবি করা হয়েছে। সাতটি পৃথক তদন্ত মিলিয়ে প্রায় ২৩ কোটি ৫০ লাখ ডলারের সংঘটিত ও সম্ভাব্য জালিয়াতির হিসাব পাওয়া গেছে।

তদন্ত অব্যাহত রয়েছে এবং আরও গ্রেপ্তারের সম্ভাবনা উড়িয়ে দেয়নি কর্তৃপক্ষ। অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হওয়া বাকি। 

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: