

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশীর ২০২৩ সালের একটি পুরোনো বক্তব্য নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি নিয়ে সমালোচনা করতে গিয়ে তিনি দাবি করেছিলেন, অতীতে লোডশেডিং বেশি হওয়ায় দেশটির জনসংখ্যা বেড়েছে। পুরোনো সেই ভিডিও ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে।
২০২৩ সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস ক্ষমতায় এলে প্রতি মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ‘প্রজা ধ্বনি যাত্রা’ নামে রাজ্যজুড়ে প্রচারাভিযানের সময় দলটি এ ঘোষণা দিয়েছিল। সে সময় বিজেপির নেতা ও তৎকালীন কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী জনসভায় এ প্রতিশ্রুতির কঠোর সমালোচনা করেন।
জনসভায় তিনি প্রশ্ন তোলেন, কংগ্রেস আদৌ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে কি না। তার ভাষ্য ছিল, কংগ্রেসের শাসনামলে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যেত না। বিশেষ করে গ্রামাঞ্চলে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকত না। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে।
বক্তব্যের একপর্যায়ে প্রহ্লাদ জোশী ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মন্তব্য করেন, কংগ্রেস অতীতে পর্যাপ্ত বিদ্যুৎ দিতে না পারায় দেশের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। তার এই মন্তব্য সে সময় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও হাস্যরসের জন্ম দিয়েছিল। সাম্প্রতিক সময়ে সেই ভিডিও আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
প্রহ্লাদ জোশীর ওই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তখনও নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। পুরোনো ভিডিওটি পুনরায় ভাইরাল হওয়ায় তার সেই মন্তব্য আবারও নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
সূত্র: ইন্ডিয়া টুডে














































আপনার মতামত লিখুন :