আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অস্ট্রেলিয়ায় বর্ণাঢ্য ‘মিট অ্যান্ড গ্রিট গালা নাইট’


নিউজ ডেক্স প্রকাশের সময় : জুন ২৮, ২০২৬, ২:৩৬ অপরাহ্ন
আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অস্ট্রেলিয়ায় বর্ণাঢ্য ‘মিট অ্যান্ড গ্রিট গালা নাইট’

সিডনি, ২৭ জুন: ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আইইবি ওভারসিজ চ্যাপ্টার (অস্ট্রেলিয়া)-এর উদ্যোগে সিডনির ক্যাম্পসির ওরিয়ন ফাংশন সেন্টারে এক বর্ণাঢ্য ‘মিট অ্যান্ড গ্রিট গালা নাইট’ অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যে কর্মরত ও বসবাসরত বাংলাদেশি প্রকৌশলীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রবাসী প্রকৌশলীদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডনিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল শেলী সালেহীন। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রবাসে বাংলাদেশি প্রকৌশলীদের সাফল্য ও পেশাগত উৎকর্ষ দেশের জন্য গর্বের বিষয়। তিনি আইইবি ওভারসিজ চ্যাপ্টার (অস্ট্রেলিয়া)-এর এ উদ্যোগের প্রশংসা করেন এবং প্রবাসী প্রকৌশলীদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়নে আরও কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে আইইবি ওভারসিজ চ্যাপ্টার (অস্ট্রেলিয়া)-এর নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত প্রকৌশলী এবং কমনওয়েলথ ব্যাংক অস্ট্রেলিয়াসহ বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা প্রবাসে বাংলাদেশি প্রকৌশলীদের পেশাগত নেটওয়ার্ক সম্প্রসারণ, উদ্ভাবন, জ্ঞান বিনিময় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল উলংগং বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর প্রতিনিধিদলের অংশগ্রহণ। তারা বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি (Renewable Energy), গবেষণা, প্রযুক্তি হস্তান্তর এবং উচ্চশিক্ষা ক্ষেত্রে সম্ভাব্য যৌথ সহযোগিতার একটি সুদূরপ্রসারী প্রস্তাবনা উপস্থাপন করেন, যা উপস্থিত প্রকৌশলীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।
আইইবি ওভারসিজ চ্যাপ্টার (অস্ট্রেলিয়া)-এর সাধারণ সম্পাদক মশিউর রহমান মুন্না এবং কার্য়করী সদস্য‍্য সোহেল ইকবালের এর সার্বিক তত্ত্বাবধান ও দক্ষ সমন্বয়ে অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সাবলীলভাবে উপস্থাপনা করেন সঞ্চালক শফিক শুভ, এবং মোহাম্মদ ইউসুফ এর উপস্থাপনা অতিথিদের বিশেষভাবে মুগ্ধ করে।
আনুষ্ঠানিক পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আবৃত্তি, একক ও দলীয় সংগীত, নৃত্য এবং ব্যান্ড পরিবেশনায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। পরে অতিথিদের জন্য নৈশভোজ পরিবেশন করা হয় এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আইইবি ওভারসিজ চ্যাপ্টার (অস্ট্রেলিয়া)-এর চেয়ারম্যান জনাব আব্দুস শুকুর খান উপস্থিত সকল অতিথি, স্পন্সর, শুভানুধ্যায়ী, স্বেচ্ছাসেবক ও আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, আইইবি শুধু একটি পেশাজীবী সংগঠন নয়; এটি বিশ্বব্যাপী বাংলাদেশি প্রকৌশলীদের জ্ঞান, অভিজ্ঞতা ও উদ্ভাবনকে একত্রিত করার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। তিনি ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এ ধরনের আয়োজনের মাধ্যমে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের প্রকৌশলীদের মধ্যে পেশাগত সহযোগিতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উৎসবমুখর পরিবেশ, পেশাগত আলোচনা, আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা এবং প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজনের সমন্বয়ে আইইবি ওভারসিজ চ্যাপ্টার (অস্ট্রেলিয়া)-এর এই ‘মিট অ্যান্ড গ্রিট গালা নাইট’ প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের জন্য এক স্মরণীয় আয়োজন হিসেবে বিবেচিত হয়েছে। একই সঙ্গে এটি প্রবাসে বাংলাদেশের প্রকৌশলীদের ঐক্য, পেশাগত উৎকর্ষ এবং দেশের উন্নয়নে অবদান রাখার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: