

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নতুন এমপিদের শপথ বাক্য পাঠ করাবেন।
এর আগে ৫ ফেব্রুয়ারি আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এই প্রক্রিয়ার বিষয়ে একটি ইঙ্গিত দিয়েছিলেন। বর্তমান সংসদে কোনো স্পিকার বা ডেপুটি স্পিকার না থাকায় শপথ গ্রহণের আইনি জটিলতা নিরসনে প্রধান বিচারপতির নাম আলোচনায় আসে।
সংবিধান অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পড়াতে না পারলে রাষ্ট্রপতি মনোনীত যেকোনো ব্যক্তি এই দায়িত্ব পালন করতে পারেন। প্রধান উপদেষ্টার পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে এই কাজের জন্য মনোনীত করবেন বলে ধারণা করা হচ্ছে।
আইনে আরও বিধান রয়েছে যে তিন দিনের মধ্যে শপথ অনুষ্ঠান আয়োজন করা না গেলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ পাঠ করাতে পারবেন। তবে সরকার দ্রুততম সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে আগ্রহী হওয়ায় প্রধান বিচারপতির মাধ্যমেই শপথ করানোর প্রস্তুতি চলছে।
সংসদ সচিবালয় এই বিশেষ অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি গ্রহণ করছে। শপথ গ্রহণের পর নবনির্বাচিত সদস্যরা তাঁদের সংসদীয় দায়িত্ব পালনের আনুষ্ঠানিক অধিকার লাভ করবেন এবং এরপরই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে।
জেএইচআর








































আপনার মতামত লিখুন :