ক্যানবেরায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন


নিউজ ডেক্স প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
ক্যানবেরায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
নাইম আবদুল্লাহ: অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় প্রবাসী বাঙালিদের অন্যতম সংগঠন বাংলাদেশ অস্ট্রেলিয়া এসোসিয়েশন ক্যানবেরা (BAAC)-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। গত ১৮ এপ্রিল শনিবার অনুষ্ঠিত এই উৎসবে স্থানীয় বাঙালি কমিউনিটির পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন সম্প্রদায়ের অতিথিরাও অংশগ্রহণ করেন।
উৎসবের শুরুতে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার আবহে নববর্ষকে স্বাগত জানানো হয়। পরে দিনব্যাপী ছিল সংগীত, নৃত্য ও নানা সাংস্কৃতিক পরিবেশনা। প্রবাসী শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী Taimus Werner-Gibbins এবং অস্ট্রেলিয়ান পার্লামেন্ট সদস্য David Smith সহ কমিউনিটি নেতৃবৃন্দ ও বিশিষ্ট অতিথিরা। তারা নববর্ষের শুভেচ্ছা জানান এবং প্রবাসে বাংলা সংস্কৃতির বিকাশে BAAC-এর উদ্যোগের প্রশংসা করেন।
উৎসব প্রাঙ্গণে ছিল দেশীয় খাবারের স্টল, ঐতিহ্যবাহী পণ্য এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের অংশগ্রহণ, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। স্পনসর ও অংশীদারদের সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী তামিউস প্রবাসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি বাংলা সংস্কৃতিকে অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে পরিচিত করার জন্য BAAC-কে ধন্যবাদ জানান। সার্বিকভাবে, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ক্যানবেরার বাঙালি কমিউনিটির মধ্যে সম্প্রীতি, ঐক্য ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।
ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: