

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী কেন্দ্রের (NCTC) প্রধান জোসেফ কেন্ট। মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা তাঁর পদত্যাগের ঘোষণা দেন। বর্তমান ট্রাম্প প্রশাসনের এটিই প্রথম কোনো উচ্চপদস্থ কর্মকর্তার পদত্যাগের ঘটনা।
প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পাঠানো পদত্যাগপত্রটি জোসেফ কেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশ করেন। সেখানে তিনি উল্লেখ করেন, আমি বিবেকবান হিসেবে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধকে সমর্থন করতে পারছি না। তেহরান আমাদের দেশের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না। এটি স্পষ্ট যে, ইসরায়েল এবং তাদের শক্তিশালী লবির চাপেই এই যুদ্ধ শুরু করা হয়েছে।
জোসেফ কেন্ট তাঁর চিঠিতে আরও দাবি করেন, প্রশাসনের শুরুতে ইসরায়েলি কর্মকর্তা ও মার্কিন গণমাধ্যমের একটি অংশ ভুল তথ্য ছড়িয়ে যুদ্ধের পরিবেশ তৈরি করেছে। তিনি উল্লেখ করেন, ইরাক যুদ্ধের মতো একই কৌশলে যুক্তরাষ্ট্রকে এই ধ্বংসাত্মক যুদ্ধে টেনে নেওয়া হয়েছে, যা মার্কিন জনগণের জন্য কোনো সুফল বয়ে আনবে না।
কেন্ট যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তাঁর এই আকস্মিক পদত্যাগে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে বিস্ময় সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউস বা জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তর থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
জেএইচআর






































আপনার মতামত লিখুন :