অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষা সেমিনার: বাংলাদেশের শিক্ষাব্যবস্থা উন্নয়নে সুদূরপ্রসারী প্রস্তাবনা


নিউজ ডেক্স প্রকাশের সময় : মে ২, ২০২৬, ৮:১৫ অপরাহ্ন
অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষা সেমিনার: বাংলাদেশের শিক্ষাব্যবস্থা উন্নয়নে সুদূরপ্রসারী প্রস্তাবনা

অস্ট্রেলিয়ার সিডনির লাকেম্বাস্থ ধানসিঁড়ি রেস্টুরেন্টের হলরুমে গত ১ মে (শুক্রবার) সন্ধ্যায় বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত এই সেমিনারটি দেশে শিক্ষার গুণগত রূপান্তর নিয়ে গভীর ও ফলপ্রসূ আলোচনার এক অনন্য প্ল্যাটফর্মে পরিণত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ ও ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. শাহেদা ওবায়েদ। তিনি তাঁর মূল প্রবন্ধে ‘বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা’ শীর্ষক আলোচনায় দেশের শিক্ষাখাতের বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং টেকসই উন্নয়নের কৌশল তুলে ধরেন। তিনি বলেন, বিশ্ব প্রতিযোগিতার এই যুগে শিক্ষাকে কেবল জ্ঞানার্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে দক্ষতা, উদ্ভাবন ও মূল্যবোধভিত্তিক মানবসম্পদ তৈরির ওপর গুরুত্ব দিতে হবে।

অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, শিক্ষক, এডুকেশন প্রোভাইডার, শিক্ষা সহায়তাকারী সংস্থা, গবেষক, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে সেমিনারটি বৈচিত্র্যময় ও সমৃদ্ধ হয়ে ওঠে। ভয়েস অফ সিডনির সম্পাদক অর্ক হাসানের প্রাণবন্ত সঞ্চালনায় এবং রিলায়াবল কলেজ অব নার্সিং এর প্রধান নির্বাহী ও অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

আলোচকরা বাংলাদেশের শিক্ষার মানোন্নয়ন, কারিগরি শিক্ষার সম্প্রসারণ, আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলাম প্রণয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা, গবেষণা ও পেশাগত দক্ষতাকে দেশের শিক্ষাখাতে কার্যকরভাবে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।

সেমিনারে উত্থাপিত গুরুত্বপূর্ণ প্রস্তাবনার মধ্যে ছিল—প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষকদের বেতন-ভাতা ও পেশাগত সুবিধা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং উন্নত দেশ বিশেষ করে অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণের ব্যবস্থা করা। পাশাপাশি কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তার, শিক্ষাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা, যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ নিশ্চিত করা এবং সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষা নীতির মৌলিক পরিবর্তন না করে ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা জোর দিয়ে বলেন, একটি জাতির অগ্রগতির মূল ভিত্তি তার শিক্ষা ব্যবস্থা। শিক্ষার মান অবনতি হলে জাতি পিছিয়ে পড়ে, আর শিক্ষার উৎকর্ষ জাতিকে শক্তিশালী, উদ্ভাবনী ও আত্মনির্ভর করে তোলে। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা, গবেষণাভিত্তিক নীতিনির্ধারণ এবং জবাবদিহিমূলক বাস্তবায়ন কাঠামো গড়ে তোলাই হতে পারে বাংলাদেশের শিক্ষাখাতের টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি।

সেমিনারে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন বিজ্ঞানী ড. হুমায়ের চৌধুরী রানা, ড. ওয়ালিউল ইসলাম, ড. নার্গিস বানু, বিশিষ্ট আইন বিশেষজ্ঞ ড. মো: সিরাজুল হক, কমিউনিটির সিনিয়র সিটিজেন গামা আবদুল কাদির, শিক্ষাবিদ আরিফুর রহমান খাদেম, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, কাউন্সিলর শিরিন আক্তার, একুশ ও স্বাধীনতা পদকপ্রাপ্ত লেখক আব্রাহাম লিংকন, সিনিয়র সাংবাদিক আতাউর রহমান, অস্ট্রেলিয়ান লিবারেল পার্টির নেতা ও জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক জাকির আলম লেনিন, বিএনপি অস্ট্রেলিয়ার সিনিয়র সহ-সভাপতি একেএম ফজলুল হক শফিক, দি গ্লোবাল এডুকেশন হাব সিডনির প্রধান নির্বাহী বেলাল হোসেন ঢালী, স্টাডি অস্ট্রেলিয়া এডুকেশন উইথ ভিসার প্রধান নির্বাহী হাজী মোহাম্মাদ দেলোওয়ার হোসেন।

সেমিনারে আরও গুরুত্বপূর্ণ মতামত পেশ করেন জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার সহ-সভাপতি এ‍্যাডভোকেট মোবারক হোসেন, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস আ‍্যন্ড মিডিয়া ক্লাবের সভাপতি রহমত উল্লাহ, জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার সহ-সভাপতি রুহুল আহমেদ সওদাগর, প্রপার্টি ওয়ান রিয়েলস্টের প্রিন্সিপাল ও ডিরেক্টর মোহাম্মাদ আলী সিকদার, নবধারা নিউজের সম্পাদক আবুল কালাম আজাদ, দিনলিপি অনলাইন নিউজের প্রধান সম্পাদক এস এম দিদার হোসেন, অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ দিলারা জাহান, অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সদস্য এহতেশামুল মুজিব মৃদুল. আবৃত্তিকার পলি ফরহাদ, স্বনামধন্য কন্ঠশিল্পী আরফিনা মিতা, আতিক হেলাল, জাহাঙ্গীর আলম, ফাহমিদা খোন্দকার, অভিনেতা আশরাফ কবির, জাহাঙ্গীর আলমসহ অনেকে।

প্রবাসী পত্রিকা ‘বিদেশ বাংলা’ ও ‘ভয়েস অফ সিডনি’ যৌথভাবে সেমিনারটির আয়োজন করে। অনুষ্ঠানে প্রবাসী অভিভাবক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে এক প্রাণবন্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে প্রশ্নোত্তরের মাধ্যমে নানা গুরুত্বপূর্ণ দিক উঠে আসে।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের জ্ঞানভিত্তিক ও নীতিনির্ধারণী আলোচনা ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ও আন্তর্জাতিকীকরণে কার্যকর ভূমিকা রাখবে এবং প্রবাসী কমিউনিটির সম্পৃক্ততা দেশের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: