ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ


নিউজ ডেক্স প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৬, ১:৩৩ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ

দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে বাংলাদেশের নবযাত্রার সূচনা হতে যাচ্ছে আজ। বৃহস্পতিবার শুরু হচ্ছে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, যা দেশের ইতিহাসে এক ঐতিহাসিক তাৎপর্য বহন করে।

অধিবেশনের গুরুত্ব তুলে ধরে বর্তমান সংসদের সরকারি দলের মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্রের পথে দেশ যাত্রা শুরু করছে। সরকারি দল হিসেবে দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার গুরুদায়িত্ব আমাদের। আমরা আশা করি বিরোধী দলও এই যাত্রায় তাদের যথাযথ ভূমিকা রাখবে।

সংসদীয় রীতি অনুযায়ী অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কথা থাকলেও এটি নিয়ে বিতর্ক তুঙ্গে। সরকারি দল সাংবিধানিক রীতির কথা বললেও বিরোধী দল জামায়াতে ইসলামী সাফ জানিয়ে দিয়েছে তারা রাষ্ট্রপতির ভাষণ বয়কট করবে। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান রাষ্ট্রপতি বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর, তাই সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার তার নেই। জুলাই অভ্যুত্থানে তরুণরা ফ্যাসিবাদের দোসরের ভাষণ শোনার জন্য প্রাণ দেয়নি।

অধিবেশনের শুরুতেই ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর শপথ নিয়ে উত্তাপ ছড়িয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় জামায়াতসহ বিরোধী সদস্যরা সংসদ সদস্যের পাশাপাশি সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। কিন্তু বিএনপির সংসদ সদস্যরা শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, পরিষদের সদস্য হিসেবে নয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানান, সংবিধানে সরাসরি উল্লেখ না থাকায় জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধনের পরই তারা এই শপথ নেবেন। অন্যদিকে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একে জুলাই সনদের প্রতি অনিচ্ছার প্রকাশ বলে মন্তব্য করেছেন।অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই পদের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেয়েছেন। চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, প্রধানমন্ত্রী উদারতা দেখিয়ে ডেপুটি স্পিকার পদটি বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তারা ইতিবাচক সাড়া দেননি।

এর জবাবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জুলাই সনদেই আছে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিত কোনো কিছু নয়, বরং প্যাকেজ আকারে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই।

অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ এই অধিবেশনে উত্থাপন করা হবে। এর মধ্যে গণভোট, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি, বিচার বিভাগের আলাদা সচিবালয়, গুম-খুনের বিচার ও চাকরির বয়স বৃদ্ধির মতো স্পর্শকাতর বিষয় রয়েছে। ৩০ কার্যদিবসের মধ্যে এগুলো অনুমোদন না হলে বাতিল হয়ে যাবে। এই অধ্যাদেশগুলো যাচাই-বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ।

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি আরও জানান, প্রায় এক মাসব্যাপী এই অধিবেশনে মরহুম সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাবও গ্রহণ করা হবে।

জেএইচআর

ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: