

মোহাম্মাদ আবদুল মতিন, সিডনি: উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে অস্ট্রেলিয়ায় যেতে চান? তবে আপনার জন্য এসেছে দারুণ এক সুযোগ। অস্ট্রেলিয়া সরকারের মর্যাদাপূর্ণ ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস’ স্কলারশিপের আওতায় ২০২৭ শিক্ষাবর্ষের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত।
অস্ট্রেলিয়া সরকারের পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক বিভাগ পরিচালিত এই স্কলারশিপ উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত উচ্চশিক্ষার সুযোগ প্রদান করে। এর মাধ্যমে বিশ্বমানের শিক্ষা অর্জনের এক অনন্য দ্বার উন্মোচিত হয়।
বাংলাদেশসহ আফ্রিকা, এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যের অংশগ্রহণকারী দেশগুলোর নাগরিকরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে এবং তিনি অস্ট্রেলিয়ার নাগরিক বা স্থায়ী বাসিন্দা হতে পারবেন না।
সুবিধাসমূহ:
এই সম্পূর্ণ স্কলারশিপের আওতায় থাকছে—
• শতভাগ টিউশন ফি
• যাওয়া-আসার বিমান ভাড়া
• প্রারম্ভিক স্থাপনা ভাতা
• মাসিক জীবনযাপনের ব্যয় নির্বাহের জন্য ভাতা
• পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিমা সুবিধা
আবেদন প্রক্রিয়া:
আগ্রহীদের প্রথমে নিজ দেশের নির্ধারিত যোগ্যতা ও অগ্রাধিকার খাত যাচাই করতে হবে। এরপর নির্ধারিত অনলাইন পদ্ধতিতে নিবন্ধন করে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত, পাসপোর্ট, শিক্ষাগত সনদ, সুপারিশপত্র এবং ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ তথ্য:
এই স্কলারশিপের জন্য আবেদন করতে আলাদাভাবে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করার প্রয়োজন নেই। স্কলারশিপের আবেদনই বিশ্ববিদ্যালয়ে ভর্তির অংশ হিসেবে বিবেচিত হয়।
বর্তমানে বাংলাদেশ থেকে মর্যাদাপূর্ণ ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস’ স্কলারশিপে আসা একজন শিক্ষার্থী পাবলিক পলিসি বিষয়ে স্নাতকোত্তর অধ্যয়ন করছেন। তার মতে, অস্ট্রেলিয়ার বিশ্বমানের শিক্ষা ও সহায়ক পরিবেশ তার জ্ঞান ও দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করছে, যা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্বমানের শিক্ষা অর্জন এবং নিজ দেশের উন্নয়নে অবদান রাখার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।








































আপনার মতামত লিখুন :